হেলিকপ্টারের কাজ শেষে মিলন-মিলি ঢাকায়
কুমিল্লার লাকসামে ‘হেলিকপ্টার’ নাটকের শুটিং শেষে ঢাকায় ফিরছেন আনিসুর রহমান মিলন ও ফারহানা মিলি। সেখানে তাঁরা গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নেন।এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘লাকসামে শুটিং করতে ভালো লেগেছে। লোকেশনের কারণেই মূলত যাওয়া । আর আমার চরিত্রটিও বেশ পছন্দ হয়েছে। এতে আমার বিপরীতে অভিনয়ে আছেন ফারহানা মিলি। আশা করছি বেশ ভালো একটি কাজ হচ্ছে।’হেলিকপ্টার নাটকের গল্প গড়ে উঠেছে সংবাদপত্রের হকার চারজন যুবককে কেন্দ্র করে। যাদের সার্বক্ষণিক সঙ্গী বাইসাইকেল। সেই সাইকেলকে তাঁরা হেলিকপ্টার নামেই সম্বোধন করেন।হেলিকপ্টার নাটকে আনিসুর রহমান মিলনের সঙ্গে আরও তিনজন হকারের চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান, শাহাদাত ও জয়রাজ। গত মঙ্গলবার শুটিং শেষে ঢাকায় ফিরেছেন আনিসুর রহমান মিলন ও ফারহানা মিলি। এর আগেও তাঁরা দুজনে একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। হেলিকপ্টার ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করছেন তুহিন অবন্ত।