হেলে পড়া ভবন: নির্মাণে মানা হয়নি নকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগান ঢাল এলাকায় গতকাল রোববার রাতে হেলে পড়া ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান নকশা অনুযায়ী সেটি নির্মাণ করেনি। আজ রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে প্রধান করে এ ঘটনা তদন্তে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। কমিটিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সেনাবাহিনীর প্রকৌশল কোরের প্রতিনিধিও থাকবেন। কাঁঠালবাগান ঢালে পুকুরপাড় এলাকায় গতকাল রাতে নির্মাণাধীন একটি সাত তলা ভবন হেলে পড়ে। পিলার ভেঙে এশিয়ান হায়দার টাওয়ার নামের ওই ভবনের নিচ তলা প্রচণ্ড শব্দে দেবে যায়। রাত দুইটার দিকে ভবনটি ধীরে ধীরে সামনের আরেকটি ১৬তলা ভবনের ওপর কাত হয়ে পড়ে বলে এলাকাবাসী জানিয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।রাজউকের একজন অথরাইজড কর্মকর্তা জানিয়েছেন, বাড়ির মালিক ও নির্মাতা কোম্পানির বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করা হয়েছে।আজ সকালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং রাজউকের চেয়ারম্যান নুরুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিমন্ত্রী এ সময় ভবনের মালিক ও নির্মাতা কোম্পানির বিরুদ্ধে মামলা এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস আজ বেলা ১১টার দিকে ওই এলাকা পরিদর্শন করেছেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে, ঢাকা শহরে কোনো অভিভাবক নেই। বেশির ভাগ নির্মাতা প্রতিষ্ঠানই আইনের তোয়াক্কা করে না।’ তিনি এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।