হেলে পড়া মাদ্রাসা ভবন ভেঙে ফেলছে রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বেগুনবাড়ির চারতলা মাদ্রাসা ভবন ভাঙা প্রায় শেষ করে এনেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বেগুনবাড়ি খালের পাশের জলাশয় ভরাট করে অবৈধভাবে নির্মাণ করা এই ভবন উত্তর-পূর্বদিকে হেলে পড়ায় তা ভাঙার সিদ্ধান্ত নেয় রাজউক। রাজউক সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে নাখালপাড়ার হেলে পড়া ভবনটি ভাঙা শুরু হবে। বেগুনবাড়ি খালের পাশে আরও পাঁচ-ছয়টি ভবন রাজউক এরই মধ্যে ভাঙার জন্য চিহ্নিত করেছে। আগামী সপ্তাহের মধ্যে এই ভবনগুলো ভাঙার কাজও শুরু হবে। চলতি মাসের মধ্যে বেগুনবাড়ির বন্যাপ্রবণ এলাকার ওপর নকশা ছাড়া অবৈধভাবে নির্মাণ করা ভবনের জরিপ শেষ করে আনা হবে। এরপর পর্যায়ক্রমে সব ভবন ভাঙবে রাজউক। গতকাল শনিবার সকাল সোয়া ১০টা থেকে রাজউকের কর্মকর্তারা ৩৫ জন শ্রমিক নিয়ে বেগুনবাড়ির ভবন ভাঙার কাজ শুরু করেন। বিকেল চারটার মধ্যে ভবনটির ছাদ, চারপাশের দেয়াল পুরোপুরি ভেঙে ফেলা হয়। রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে একটি দল ভাঙার কাজ তদারকি করেছে। সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাঁবু স্থাপন করে ঘটনাস্থলে অবস্থান করেছে। ভবনের ভাঙা অংশ ওপর থেকে নিচে ফেলার সময় বিপুলসংখ্যক উত্সুক জনতাকে হাততালি দিতে দেখা যায়। তবে মাদ্রাসার কর্তৃপক্ষের অনুরোধে রাজউক তিন দিনের জন্য ভিত্তিকাঠামো ভাঙা বন্ধ রেখেছে। এই সময়ের মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ভিত্তি কাঠামো থেকে রড সরিয়ে ফেলবে। হেলেপড়া ভবনটিতে শাহজাদি খানম জামে মসজিদ এবং আহসান উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম পরিচালিত হতো। ভাঙার আগে মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ ভবনটি থেকে তাদের অধিকাংশ সামগ্রী সরিয়ে নেয়। মাদ্রাসার ৭০ জন আবাসিক ছাত্র ও পাঁচজন শিক্ষক পাশের বায়তুল নূর জামে মসজিদে অবস্থান নিয়েছেন। রাজউক কর্তৃপক্ষ মাদ্রাসাটির পশ্চিম পাশের একটি খালি সরকারি জমিতে আপাতত ছাউনি তৈরি করে তাঁদের অবস্থান করার পরামর্শ দিয়েছে। মাদ্রাসাটির অধ্যক্ষ হাফেজ মাওলানা ফরহাদ হোসেন অভিযোগ করেন, রাজউক কর্তৃপক্ষ নোটিশ ছাড়া ভবনটি ভাঙার কাজ শুরু করেছে। আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলার সময় পর্যন্ত দেওয়া হয়নি। রাজউক থেকে বলা হয়েছে, বেগুনবাড়ির মাদ্রাসার এ ভবনটি নির্মাণ করা হয়েছে বন্যাপ্রবণ এলাকার ওপর। এখানের মাটি খুব নরম এবং বহুতল ভবন নির্মাণের অনুপযোগী। ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এটা জেনেও বহুতল ভবন নির্মাণ করার কারণে ভবনে অবস্থানকারীরা মারাত্মক ঝুঁকির মুখে অবস্থান করছিলেন। জনস্বার্থের কথা চিন্তা করেই ভবনটি ভেঙে ফেলা হয়েছে।রাজউকের এ অভিযোগের ব্যাপারে মাওলানা ফরহাদ হোসেন বলেন, ‘স্থানীয় মুসল্লিদের অনুরোধে ভবনটি পাঁচতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। পত্রপত্রিকায় ভবনটি ভাঙার সিদ্ধান্তের কথা জানার পর বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি বলেছিলেন, ‘রাজউক এলে আমাকে টেলিফোন করবেন।’