হৈমন্তী সন্ধ্যায় রবিঠাকুরের গান
হেমন্তের কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। সংগীত-সংগঠন মেঘমল্লার আয়োজন করেছিল অনুষ্ঠানটি। এটি তাদের দ্বিতীয় গানের আসর।নবীন ও প্রতিষ্ঠিত শিল্পীরা কবিগুরুর বিভিন্ন গানে গানে শ্রোতাদের তন্ময় করে রেখেছিলেন। ‘মহাবিশ্বে মহাকাশে’ ও ‘আজি বিজন ঘরে’ গান দুটি গেয়ে গানের পালা শুরু করেছিলেন শরফুল আলম। ফাহিম হোসেন চৌধুরী গেয়ে শোনান ‘শিউলি-ফোটা ফুরোল’ ও ‘দিবস রজনী আমি যেন কার’।প্রত্যেকেই দুটি করে গান শুনিয়েছেন। গানগুলোর মধ্যে ছিল, ‘ডেকো না আমারে, ডেকো না’, ‘কে যাবি পারে তোরা’, ‘কবে আমি বাহির হলেম’, ‘যে ছিল আমার স্বপনচারিণী’, ‘এসো আমার ঘরে এসো’, ‘তোমার খোলা হাওয়া’, ‘তোমারেই করিয়াছি’, ‘হায় হেমন্তলক্ষ্মী’ ইত্যাদি। গেয়েছেন সুস্মিতা আহমেদ, এ টি এম জাহাঙ্গীর, তানজিনা তমা, মাহবুবুর রহমান, কাশফিয়া নূর, সুমা রায়, মেজবাহুল আযম প্রমুখ।