হোঁচট খেল ভনদের স্বপ্ন
বিস্ময় নয়, হতাশা নয়। ব্রিটিশদের পেয়ে বসেছে লজ্জা। আয়ারল্যান্ডের কাছে পরাজয়ের সীমাহীন লজ্জা। আইরিশদের কাছে পরাজয়টা কিছুতেই মানতে পারছে না ব্রিটিশ মিডিয়া। ‘ইংল্যান্ডকে লজ্জা দিলেন ও’ব্রায়েন’—ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর শিরোনামটা এ রকমই। ও’ব্রায়েন ভাইদের ছোটজন কেভিনের কাছে ইংল্যান্ড পরশু কতটা অসহায় হয়ে পড়েছিল সেটির বর্ণনায় পত্রিকাটি লিখেছে, ‘ও’ব্রায়েনের দ্রুততম বিশ্বকাপ সেঞ্চুরির কাছে ইংল্যান্ডকে মনে হচ্ছিল পানশালার কোনো দল।’টেলিগ্রাফ তাদের সম্পাদকীয়তে তুলে এনেছে ইংল্যান্ডের ক্রীড়া ক্ষেত্রে লজ্জাজনক ব্যাপারগুলো। সবকিছু মিলিয়ে পরশু আয়ারল্যান্ডের কাছে পরাজয়টিকেই সে ক্ষেত্রে এক নম্বরে রাখছে তারা, ‘অতীতে ইংল্যান্ডের জাতীয় দলগুলো কিছু বাজে পরাজয় দেখেছে। গতকালের (পরশু) আগ পর্যন্ত ১৯৫০ সালে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ই ছিল সবচেয়ে লজ্জাজনক। তবে বেঙ্গালুরুতে এই বিশ্বকাপের গ্রুপ পর্বে আয়ারল্যান্ড যে কীর্তি গড়ল, তা অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে।’ইংল্যান্ডের ৩২৭ রান তাড়া করতে গিয়ে আয়ারল্যান্ড যখন ৫ উইকেটে ১১১, আইরিশদের জয়ের পক্ষে বাজির দর তখন ৪০০ ঃ ১। এখান থেকে ইংল্যান্ডকে নাকানিচুবানি দিয়ে ম্যাচ বের করে নিয়ে যান কেভিন। ইংল্যান্ড দলের জন্য কেভিন কত বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন সেটা বোঝাতে দ্য টাইমস লিখেছে, ‘চুলে গোলাপি রং করা ও’ব্রায়েন সত্যিকার অর্থেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একসময় মনে হচ্ছিল তিনি ক্রিকেটার নন, যেন দ্রুতলয়ের রকসংগীত দলের কেউ।’ও’ব্রায়েনের প্রশংসা ছিল টেলিগ্রাফের প্রতিবেদনেও, ‘প্যাপলউইক ও রেলওয়ে ইউনিয়ন (ও’ব্রায়েনের ক্লাব দল) থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামের দূরত্ব যদি অনেক হয়, তাহলে ক্লাব ক্রিকেট থেকে বিশ্বকাপ ক্রিকেটে আসাটাও অনেক বড় ব্যাপার। তবে কেভিন ও’ব্রায়েনের ইংল্যান্ডকে ধ্বংস করে দেওয়া ইনিংসটা দেখে তা মনে হয় না।’টেলিগ্রাফ তো এখন এই বিশ্বকাপে ইংল্যান্ডের ভবিষ্যৎ নিয়েই শঙ্কিত, ‘ইংল্যান্ডের এখন বিশ্বকাপে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছে।’ তবে টেলিগ্রাফ-এর সঙ্গে সামান্য দ্বিমত থাকলেও সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন না, ‘ইংল্যান্ড এখনো বাদ পড়ে যায়নি, তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভালো না করলে বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই তাদের নেই।’ ভনের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এ কথায় সমর্থন দিয়েছেন আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনও। এএফপি।