বিএনপির মহাসমাবেশের কারণে রাজধানীর আবাসিক হোটেলগুলোকে অতিথি রাখার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য বলেছে পুলিশ। এই অলিখিত নির্দেশ ৯ থেকে ১৩ মার্চ পর্যন্ত কার্যকর রাখতে হোটেলের মালিকদের বলা হয়েছে।পুলিশের দুজন উপকমিশনার প্রথম আলোকে বলেছেন, মহাসমাবেশের কারণে ঢাকার হোটেলগুলোতে নতুন করে লোকজন না ওঠাতে মালিকদের বলা হয়েছে। মহাসমাবেশের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন কাউকে হোটেলের কক্ষ ভাড়া দেওয়া হলে তা মালিকদের নিজ দায়িত্বে ও নিশ্চিত হয়ে দিতে হবে।তবে বিএনপি অভিযোগ করেছে, ১২ মার্চের মহাসমাবেশে সারা দেশ থেকে তাদের নেতা-কর্মীদের ঢাকায় আসতে বাধা দিতে সরকার পরিকল্পিতভাবে এ কাজ করাচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মহাসমাবেশ ঘিরে যেন কোনো নাশকতা না হয়, সে জন্য পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।রাজধানীর পল্টন, নয়াপল্টন, ফকিরাপুল, মগবাজার, আরামবাগ, মালিবাগ, নবাবপুরসহ নতুন ও পুরান ঢাকার মাঝারি ও নিম্নমানের প্রায় সব হোটেলে নির্দেশনা দেওয়া হয়েছে বলে হোটেল মালিক সমিতির নেতারা জানিয়েছেন।এ খবরের সত্যতা নিশ্চিত করতে পল্টন, মতিঝিল ও নবাবপুরের তিনটি হোটেলে যান এই প্রতিবেদক। ১১ ও ১২ মার্চের জন্য কক্ষ ভাড়া নিতে চাইলে তিন হোটেলের ব্যবস্থাপকেরা অপারগতা প্রকাশ করেন। একজন ব্যবস্থাপক জানতে চান, কারা থাকবে? মহাসমাবেশের লোক কি না, ইত্যাদি।নবাবপুর রোডের একটি হোটেলের একজন কর্মকর্তা জানান, পুলিশ বলেছে, ৯ থেকে ১৩ মার্চ পর্যন্ত বোর্ডার রাখার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তার দায় মালিককে নিতে হবে।মতিঝিলের একটি হোটেলের ব্যবস্থাপক জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই এলাকার হোটেলগুলোর মালিকদের ডেকে নিয়ে ১১ ও ১২ মার্চ হোটেলে লোক না তুলতে বলে দিয়েছেন।পুলিশের একজন কর্মকর্তা হোটেলগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা-পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসমাবেশের আগে ঢাকায় ব্যাপক তল্লাশি চালানো হবে। এ জন্য আবাসিক হোটেলগুলোকে অযথা ঝামেলা এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে।বিএনপির ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালাম অভিযোগ করেছেন, বিএনপির নেতারা কোনো হোটেল, কমিউনিটি সেন্টার ভাড়া নিতে পারছেন না। হোটেলের মালিকদের ডেকে ভাড়া দিতে নিষেধ করা হয়েছে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির অভিযোগের কোনো সত্যতা নেই। পুলিশের এগুলো দৈনন্দিন কাজ। নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক হবে, এটাই স্বাভাবিক। এর সঙ্গে মহাসমাবেশ বানচালের কোনো সম্পর্ক নেই। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে যেন কোনো অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হতে না পারে, সে জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবাসিক হোটেলগুলোতে নজরদারি করা হচ্ছে। সব ধরনের আশঙ্কা আমলে নিয়ে পুলিশ কাজ করছে।ঢাকার পল্টন কমিউনিটি সেন্টার, গোপীবাগের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার ও মহানগর নাট্যমঞ্চের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপিকে তারা কমিউনিটি সেন্টার ভাড়া দিতে অপারগতা জানিয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত বাধাই আসুক না কেন, মহাসমাবেশ সফল হবে। হোটেল ভাড়া না দিলে নেতা-কর্মীরা রাস্তায় অবস্থান করবেন।