বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে যাঁরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের চোখে লাল-সবুজের মিশেলে ‘হোটেল ৭১’ শব্দটি চোখে পড়ারই কথা। কিন্তু চলতিপথে বাইরে থেকে দেখলেও অনেকেরই হয়তো দেখা হয়নি এর ভেতরকার পরিবেশ।কালো মার্বেল পাথরের সিঁড়ি মাড়িয়ে ওপরে উঠতেই আপনাকে স্বাগত জানাবে ২০ ফুট উচ্চতা ও ১৬ ফুট দৈর্ঘ্যের ভাস্কর্য ‘মুক্তি’। শুরুতেই মুক্তিযুদ্ধের গৌরবগাথা স্মরণ করিয়ে দিতেই এ আয়োজন। শুধু প্রবেশপথেই নয়, হোটেলজুড়েই মুক্তিযুদ্ধের বহু উপকরণ ও স্মৃতি আপনাকে স্মরণ করিয়ে দেবে আমাদের অতীত ঐতিহ্যের কথা। শুধু মুক্তিযুদ্ধের আবহের আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি তিন তারকা মানের এ হোটেল ৭১। ভোজনরসিকদের জন্যও আছে ভিন্ন আয়োজন। স্বাধিকা ও আম্রকানন নামের দুটি রেস্টুরেন্ট আছে হোটেলের ১০ ও ১১ তলায়। এগুলোর ভেতরের নকশা ও পরিবেশনের পদ্ধতিতেও আছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া। আপনাকে যে জিনিসটির মাধ্যমে খাবার এনে দেওয়া হবে, সেটি তৈরি বাঁশ অথবা বেত দিয়ে। খাবার ফাঁকে ফাঁকে একটু ডানে-বাঁয়ে দেয়ালের দিকে তাকালেই কাঠ অথবা পোড়ামাটির স্মৃতিফলকগুলো আপনাকে বলে দেবে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত কী ঘটেছিল এ দেশে।হোটেলের ভিন্ন আঙ্গিকের কারণ সম্পর্কে জানতে চাইলে হোটেল ৭১-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম প্রধান বলেন, ‘আমাদের দেশের বড় বড় হোটেলগুলোয় একজন বিদেশিকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা দেওয়ার কোনো ছাপই রাখা হয়নি। সব রেস্টুরেন্টেই পাশ্চাত্য সংস্কৃতির প্রাধান্য। দেশীয় সংস্কৃতির কোনো বালাই নেই। এই বিরুদ্ধ স্রোতকে প্রতিবাদ জানাতেই এ রকম হোটেল তৈরি করা হয়েছে।’ এ হোটেলে দেশীয় উপকরণ ব্যবহারের চেষ্টা করা হয়েছে বলে জানান এর স্থপতি নুরুল ফয়েজ বকুল।আপনার রসনার তৃপ্তি মেটাতে বাঙালি ঐতিহ্যের সব খাবারই পাওয়া যাবে এ দুটি রেস্টুরেন্টে। যাঁরা একটু ভিন্ন স্বাদ পেতে চান, তাঁদের জন্য আছে চায়নিজ ও ইন্ডিয়ান খাবার। রেস্টুরেন্ট স্বাধিকাতে বিভিন্ন ধরনের কাবাব, নানা পদের ভর্তা, বিভিন্ন ধরনের রুটি, সর্ষে ইলিশ, রূপচাঁদার বিভিন্ন আইটেমসহ পাওয়া যাবে দেশীয় ঐতিহ্যের সব খাবার। পাশাপাশি ভিন্ন স্বাদের কয়েক রকম চা ও ফলের জুসও পাবেন এখানে। চায়নিজ ও ইন্ডিয়ান খাবারের মধ্যে রয়েছে স্টাইল ডিশ, তান্দুরি চিকেন, পেশোয়ারিসহ বিভিন্ন বিদেশি স্বাদের পরোটা ও হালের জনপ্রিয় ফাস্টফুড। এসব খাবার খেতে আপনাকে খরচ করতে হবে ৪০০ থেকে ১০০০ টাকা। এর পাশাপাশি এ হোটেলে রয়েছে মেয়ে ও ছেলেদের সাজগোজের জন্য আলাদা বিউটি কর্নার। খুব কম খরচেই এখান থেকে সৌন্দর্যসেবা নিতে পারবেন আপনিও। মুক্তিযোদ্ধাদের জন্য হোটেলের আবাসনসুবিধায় ৫০ শতাংশ এবং খাবার গ্রহণের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় রয়েছে। এখানে প্রতি সপ্তাহে এক দিন বসছে গজলের আসর।