হোটেলের শিশুকর্মীকে হত্যা!
রাজশাহী নগরের একটি হোটেলের মালিকের বিরুদ্ধে শিশুকর্মীকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পানি দিতে দেরি হওয়ায় শিশুটিকে আঘাত করেন বলে অভিযোগে বলা হয়। আজ শনিবার সকালে হোটেলের মালিক আশরাফ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শিশুর নাম সানোয়ার হোসেন (১৩)। নগরের বালিয়া পশ্চিমপাড়া গুচ্ছগ্রামে তার বাড়ি। সানোয়ারের বাবা আনারুল ইসলাম রিকশাচালক। আনারুল প্রথম আলো ডটকমকে বলেন, দেড় বছর ধরে তাঁর ছেলে নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে পদ্মপাতা ভাতঘর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করছিল। গতকাল শুক্রবার সন্ধ্যার পরে তাঁকে খবর দেওয়া হয়, তাঁর ছেলে সানোয়ারের পেট কেটে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে যান।আনারুলের ভাষ্যমতে, তিনি হাসপাতালে পৌঁছার পর সানোয়ারের পুরোপুরি জ্ঞান ছিল। ছেলে তাঁকে জানায়, পানি দিতে দেরি হওয়ায় হোটেলের মালিক আশরাফ তাকে হাঁসুয়া দিয়ে পেটে কোপ মেরেছেন। তিনি বলেন, রাত তিনটার দিকে ছেলের অস্ত্রোপচার করা হয়। সকাল ছয়টার দিকে সে মারা যায়।গ্রেপ্তার হওয়া আশরাফের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হোটেলের নারী কর্মচারীদের সঙ্গে সানোয়ার বেশি কথা বলত। এ জন্য আশরাফ তাকে একটু শাসন করছিলেন। এ সময় পা পিছলে হাঁসুয়ার ওপরে পড়ে গিয়ে সানোয়ার আহত হয়।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় ছেলের বাবা বাদী হয়ে হোটেলের মালিকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর আজ সকালে হোটেলের মালিককে গ্রেপ্তার করা হয়।