হোটেলের হালচাল
বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে বদলে যাচ্ছে ঢাকা শহর। সেই বদলের হাওয়া লেগেছে নগরের হোটেলগুলোতেও। কারণ, অভিজাত হোটেলগুলোয় ঠাঁই নেবেন দেশি-বিদেশি ক্রিকেটার, কর্মকর্তা আর দর্শকেরা। আবার এমন অনেক ক্রিকেটপ্রেমীও আসতে পারেন, যাঁরা সাধারণ হোটেলে থেকেই খরচ কমানোর চেষ্টা করবেন। সব মিলিয়ে নগরের বেশ কিছু হোটেল নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছে। বিশ্বকাপ আসর শুরুর আগেই নগরের হোটেলগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নড়েচড়ে বসছে। সেসব খবর জানাচ্ছেন মিল্লাত হোসেন ও আলী আসিফ।সাশ্রয়ের সমাহারবিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে যাঁরা ঢাকায় আসবেন, তাঁরা কি কেবল খেলাই দেখবেন? কেউ কেউ নিশ্চয়ই রথ দেখার সঙ্গে কলা বেচার সুযোগটাও কাজে লাগাতে চাইবেন। তাই বিমান ভাড়া দিয়ে খেলা দেখতে আসা এ ধরনের দর্শকেরা একটু সাশ্রয়ী হোটেলে থেকে পয়সা বাঁচানোর চেষ্টা করবেন, যাতে তারা ঢাকাসহ দেশের অন্যান্য দর্শনীয় স্থান ঘুরেফিরে দেখার কাজটা সেরে ফেলতে পারেন।নগরের মগবাজার, নবাবপুর রোড, ফকিরেরপুল, মহাখালী ও মিরপুরে যেসব আবাসিক হোটেল আছে, তার বেশ কয়েকটির নামের সঙ্গে ‘ইন্টারন্যাশনাল’ শব্দ যুক্ত রয়েছে। কিন্তু এগুলোর বেশির ভাগেরই ভিন দেশিদের থাকার কোনো অনুমোদন নেই। মগবাজার হোটেলপাড়ার অসংখ্য হোটেলের মধ্যে একমাত্র হোটেল গ্রিন টাওয়ারেই বিদেশি বোর্ডার রাখার অনুমোদন আছে বলে দাবি করেন এর ব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম।ঢাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত পর্যটকদের একমাত্র আবাসন হোটেল অবকাশে এখনো পর্যন্ত বিশ্বকাপ মৌসুমের জন্য কোনো ফরমায়েশ আসেনি। বিশ্বকাপ খেলায় ওই হোটেলের তেমন কোনো প্রস্তুতিও নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।এদিকে বিশ্বকাপের খেলা দেখতে দেশের প্রত্যন্ত এলাকা থেকে ঢাকায় আসবেন অনেকে। এঁদের মধ্যে কারও কারও নগরে কোনো আত্মীয় বা বন্ধুর বাসায় ওঠার সুযোগ নেই। তাঁদের উঠতে হবে মহাখালী, মিরপুর, ফকিরেরপুল, নবাবপুর রোড ও মগবাজার এলাকার কোনো আবাসিক হোটেলে। তুলনামূলক স্বল্প খরচের এই হোটেলে ওঠার আগে অবশ্যই খোঁজ নিয়ে দেখতে হবে সেগুলো অসামাজিক কার্যকলাপমুক্ত কি না। কেননা, যেসব হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে, সেগুলোয় সাধারণ মানুষেরও ফেঁসে যাওয়ার শঙ্কা থাকে।বাছবিচারের সুযোগজাতি-ধর্ম বাছবিচার করে যাঁরা হোটেলে ওঠেন, তাঁদের জন্যও কিছু ব্যবস্থা আছে নগরে। বিভিন্ন আয়োজনে কলকাতা বা আগরতলা থেকে আসা লোকজন শাঁখারীবাজারের কল্পনা বোর্ডিং, নয়তো বাংলাবাজারের বিউটি বোর্ডিংয়ে ওঠেন। বিশ্বকাপের সময় কিছু ভারতীয় দর্শক তাঁদের এখানে আসতে পারেন বলে জানান হোটেল দুটির কর্মকর্তারা। এ বিষয়ে কল্পনা বোর্ডিংয়ের স্বত্বাধিকারী বিদ্যুৎ কুমার নাগ বলেন, ঢাকায় হিন্দু হোটেল বলতে আছে কল্পনা বোর্ডিং আর বিউটি বোর্ডিং। এগুলোয় হিন্দু-মুসলিম সবার থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। হিন্দু রীতি অনুসারে রান্না হয় বলে ভারতের যেসব ক্রিকেটপ্রেমী খাবারে বাছবিচার করেন, তাঁরা এই হোটেলে আসতে পারেন বিনা দ্বিধায়।এদিকে বিশ্বকাপ খেলার সময় শ্রীলঙ্কান অতিথিদের অনেকেই বনানীর হোটেল রয়েল পার্কে উঠবেন বলে আশা করছেন এর কর্মকর্তারা। তাঁরা জানান, এই হোটেল পরিচালনা ও খাবারদাবারে শ্রীলঙ্কান ঐতিহ্যের ছাপ রয়েছে।নিরাপত্তা নিশ্চিত করছে এসবিবাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (স্পেশাল ব্রাঞ্চ) সূত্রে জানা যায়, বিশ্বকাপে ভিন দেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে তারা কাজ শুরু করেছে। নিরাপত্তার জন্য জনবল ও সরঞ্জাম বাড়াতে নগরের অভিজাত হোটেলগুলোকে এসবি থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। শুধু নির্দেশনা দিয়েই বসে থাকছেন না এসবিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা। তাঁরা হোটেলগুলোয় গিয়ে দেখছেন, নিরাপত্তা বাড়াতে হোটেল কর্তৃপক্ষ তাঁদের নির্দেশনা অনুযায়ী কাজ করছে কি না।এ প্রসঙ্গে ঢাকা রিজেন্সি হোটেলের সহব্যবস্থাপক (ব্র্যান্ড কমিউনিকেশন্স) জাইরিন সুলতানা জানান, এসবির নির্দেশনা অনুযায়ী তাঁদের হোটেলের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে তাঁরা হোটেলে নিরাপত্তারক্ষী বাড়াচ্ছেন। পাশাপাশি পুরো হোটেলে সিসিটিভি ক্যামেরাও বাড়ানো হচ্ছে বলে তিনি জানান।এদিকে বিশ্বকাপের সময় নগরের সাধারণ হোটেলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা দরকার বলে জানান একাধিক হোটেলের ব্যবসায়ী। তাঁরা জানান, সাধারণ হোটেলে দেশীয় দর্শকদের নিরাপত্তার দরকার আছে। আবার সেগুলোয় অপরাধীরাও ঘাপটি মেরে থাকতে পারে।নগরের আবাসিক হোটেলগুলোর নিরাপত্তা প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের সিটি এসবির এসপি এ এস এম গোলাম রাব্বানি বলেন, বিশ্বকাপ উপলক্ষে নগরে আসা লোকজনের নিরাপত্তার জন্য সবই করা হবে। বিদেশি দর্শকদের সাধারণ হোটেলে থাকার কোনো সুযোগ নেই। তাঁরা শুধু অনুমোদিত আন্তর্জাতিক মানের হোটেলে থাকার সুযোগ পাবেন বলে তিনি জানান।বিসিবির চোখ আট হোটেলেবিশ্বকাপের জন্য ঢাকায় আসা ক্রিকেটার, কর্মকর্তা ও দর্শকদের উন্নত সেবা আর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেভাগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ঢাকার আটটি হোটেলের তালিকা পাঠিয়েছে। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি থেকে পাওয়া তথ্যমতে সেই হোটেলগুলো হচ্ছে: শেরাটন হোটেল, প্যান প্যাসিফিক সোনারগাঁঁও হোটেল, র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেল, ওয়েস্টিন হোটেল, লা ভিঞ্চি হোটেল, ওয়াশিংটন হোটেল, গ্র্যান্ড প্রিন্স হোটেল ও আম্বালা ইন। এগুলোয় যোগাযোগ করে জানা যায়, বিশ্বকাপে আসা অতিথিদের সেবা দিতে তাঁরা প্রস্তুতি সারছেন। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন জানান, বিশ্বকাপের উদ্বোধনী দিনে অতিথিদের থাকার জন্য তাঁরা শেরাটন হোটেলের ১৮০টি কামরা আগেভাগেই ‘বুকিং’ দিয়ে রেখেছেন। এ ছাড়া অন্যান্য দিনের জন্য ১০০টি কামরা রেখে দিতে বলেছেন। এখানেই বিশ্বকাপের অফিশিয়াল প্রেস বক্স বসছে বলে তিনি জানান।শেরাটন হোটেল ছাড়াও সোনারগাঁও, র্যাডিসন ও ওয়েস্টিনের মতো অভিজাত হোটেলগুলোতেও থাকবে বিশ্বকাপে আসা ক্রিকেটার, কর্মকর্তা আর দর্শকদের ভিড়।ভারতের বেশ কয়েকজন দর্শক কক্ষ বুকিং নিতে এরই মধ্যে যোগাযোগ করেছেন মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলে। এ প্রসঙ্গে এই হোটেলের সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) জাহিদ হাসান বলেন, ‘মিরপুরে আন্তর্জাতিক কোনো খেলা হলেই আমাদের এখানে ভিন দেশি দর্শকেরা আসেন। বিশ্বকাপ খেলায়ও এর ব্যতিক্রম হবে না। বিশ্বকাপে বিদেশি দর্শকদের সেবা নিশ্চিত করতে আমরা তখন বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া দেশের বোর্ডারদের কাছে কক্ষ ভাড়া দেব না। এটা দেশের সুনাম রক্ষার খাতিরেই করা হবে।’এদিকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল বিশ্বকাপ চলার সময় নিজেদের আভিজাত্য তুলে ধরতে ‘এক্সপ্লোর ঢাকা’ নামের একটি কর্মসূচি হাতে নিয়েছে। তাদের এই কর্মসূচির আওতায় বোর্ডারদের জন্য থাকছে ঢাকা ভ্রমণ গাইড ও বিশেষ খাবার। বোর্ডারদের তখন বিশেষ ছাড়ও দেওয়া হবে বলে জানান সোনারগাঁও হোটেলের জনসংযোগ কর্মকর্তা সাবরিনা খান।