হোমনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে গতকাল বুধবার রাতে মুন্সি আবদুল মতিন (৭০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা।নিহতের স্বজনদের দাবি, আবদুল মতিন হোমনা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং বর্তমান মাথাভাঙ্গা ইউনিয়নের সহসভাপতি।পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে স্থানীয় মুন্সিরহাট থেকে পায়ে হেঁটে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। মাথাভাঙ্গা ইউনিয়ন কার্যালয়ের পশ্চিম পাশে পৌঁছানোর পর ১৫-১৬ জন ধারালো অস্ত্র নিয়ে তাঁর পথ আটকায়। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তেরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত নয়টায় তাঁর মৃত্যু হয়।হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জলিল আহমেদ প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আবদুল মতিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হোমনা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ আব্বাস বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে।