হোমনায় যুবলীগের নেতা খুন, এম কে আনোয়ারের বাড়িতে হামলা
কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোসলেম উদ্দিন সরকার (৩০) গত শুক্রবার রাতে খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল শনিবার সকালে হোমনা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলকারীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ এম কে আনোয়ারের বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মোসলেমকে হত্যায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল দুপুরে চিত্পুর গ্রামের নিজ বাড়ি থেকে স্বপন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। হোমনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের নেতা মোসলেম উদ্দিন সরকার শুক্রবার রাত আনুমানিক একটার দিকে হোমনা উপজেলার আসাদপুর থেকে নিজ গ্রাম চিত্পুরে ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত ছোরা দিয়ে উপর্যুপরি আঘাত করে মোসলেমকে হত্যা করে। রাত আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশ চিত্পুর গ্রামের রাস্তার ওপর থেকে মোসলেমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।মোসলেম হত্যার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক আবুল হোসেন। মিছিল নিয়ে হোমনা থানার সামনে গিয়ে তাঁরা প্রতিবাদ সভা করেন। সভায় বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভা শেষে আবার মিছিল বের করা হয়। অভিযোগ উঠেছে, মিছিলকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালান। বিএনপির কার্যালয়ের অদূরে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। মিছিলকারীরা এম কে আনোয়ারের বাড়ির নিচতলার দরজা, জানালার কাচ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় এম কে আনোয়ার বাড়ির দ্বিতীয় তলায় ছিলেন। এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমরা খুনের রাজনীতি করি না। খুনকে সমর্থন করি না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলীয় কার্যালয় এবং আমার বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। পুলিশকে খবর দিলেও তারা এগিয়ে আসেনি।’উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোল্লা অভিযোগ করে বলেন, ‘স্যারকে (এম কে আনোয়ার) হত্যার জন্যই ওরা তাঁর বাড়িতে এবং দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। দলের উপজেলা আহ্বায়ক কমিটি বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আহ্বায়ক ঢাকা থেকে ফিরলেই সভা হবে।’স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোসলেম চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করে থাকতে পারে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসীরা যুবলীগের নেতা মোসলেমকে হত্যা করেছে। বিএনপির কার্যালয় ও এম কে আনোয়ারের বাড়িতে কারা ভাঙচুর করেছে তা তিনি জানেন না।হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, নিহত মোসলেমের মাথায়, হাতে, পিঠে ও বুকে ছুরিকাঘাতের বহু চিহ্ন রয়েছে।কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ সফিকুল ইসলাম এম কে আনোয়ারের অভিযোগ প্রসঙ্গে বলেন, তিনি (এম কে আনোয়ার) ডাকলে অবশ্যই পুলিশ যেত।