হোয়াইট হাউস নিয়ে কমেডি দেখবেন ওবামা
হোয়াইট হাউসের এক স্নানাগারে দিশেহারার মতো অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় পরীক্ষা করছে মার্কিন প্রেসিডেন্টের মেয়ে। এদিকে তাঁর কলেজপড়ুয়া অভাগা ছেলেটি ছাত্র সমিতির ভবনে আগুন লাগিয়ে বেকায়দায় পড়েছে। তাঁকে উদ্ধারে তত্পর গোয়েন্দা কর্মকর্তারা।এমন ঘটনা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারে না ঘটলেও তা স্থান পেয়েছে ছোট পর্দার জন্য নির্মিত একটি কমেডি সিরিজে। ‘১৬০০ পেন’ শীর্ষক এই সিরিজটি আজ বুধবার সপরিবারে দেখবেন বারাক ওবামা।হোয়াইট হাউসে প্রেসিডেন্টের পরিবারের জন্য নির্ধারিত বিশেষ ছবিঘরে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন হয়েছে। সেখানে সাংবাদিকদের যাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই এ সিরিজ দেখে ওবামা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া সংবাদমাধ্যমে আসার কোনো সুযোগও থাকছে না। তবে ওই বিশেষ প্রদর্শনীতে সিরিজের অভিনেতা-অভিনেত্রী ও নির্মাণের সঙ্গে জড়িতরা উপস্থিত থাকবেন। হোয়াইট হাউসে একজন মার্কিন প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের মজার যত কাল্পনিক কাণ্ড নিয়ে গড়ে উঠেছে সিরিজটির কাহিনি। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিতে এটি প্রচার করা হবে।ওয়াশিংটন ডিসিতে ১৬০০ পেনসেলভেনিয়া অ্যাভিনিউয়ে হোয়াইট হাউসের অবস্থান। এ থেকে সিরিজের নাম দেওয়া হয়েছে ‘১৬০০ পেন’। এর সহ-নির্মাতা জন লোভেট আগে প্রেসিডেন্ট ওবামার ভাষণ লিখে দেওয়ার কাজ করতেন। সিরিজের কাহিনিতে কাল্পনিক প্রেসিডেন্ট ডেল গিলক্রিস্টের ভূমিকায় বিল পুলম্যান ও ফার্স্ট লেডি চরিত্রে জেনা এলফম্যান অভিনয় করেছেন।এই সিরিজের সহযোগী নির্মাতা জশ গ্যাড নির্মাণের পাশাপাশি প্রেসিডেন্টের কলেজপড়ুয়া ছেলে স্কিপের চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিজটি সম্পর্কে তিনি গত মাসে বলেছিলেন, একেবারে অসাধারণ পরিবারগুলো নানা পরিস্থিতিতে কী করে, সে ব্যাপারটাই এই সিরিজে দেখাতে চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রেসিডেন্টের পরিবারের চেয়ে অসাসাধারণ পরিবার আর কী হতে পারে? রয়টার্স।