হোসনি মোবারকের আটকাদেশ আরও ১৫ দিন বৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের আটকাদেশের মেয়াদ দেশটির কর্তৃপক্ষ আরও ১৫ দিন বাড়িয়েছে। গতকাল মঙ্গলবার দেশের প্রধান আইন কর্মকর্তা আবদেল মাগুইত মাহমুদের দপ্তর থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।ওই বিবৃতির উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে, হোসনি মোবারকের আটকাদেশ আরও ১৫ দিন বাড়ানোর জন্য মিসরের প্রধান আইন কর্মকর্তা আবদেল মাগুইত মাহমুদ আদেশ দিয়েছেন। কাল বৃহস্পতিবার তাঁর বর্তমান আটকাদেশের মেয়াদ শেষ হলে নতুন আদেশটি কার্যকর হবে।হোসনি মোবারকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। মিসরের পর্যটন নগর শারম আল শেখের একটি হাসপাতালে আটক রেখে এ বিষয়ে মোবারককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।