হোসনি মোবারকের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর পুলিশ একাডেমির অস্থায়ী আদালতে আজ বুধবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচার শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। হোসনি মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও গত ফেব্রুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। মোবারকের ছেলে আলা ও গামেল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলি ও সাবেক ছয় কর্মকর্তাকেও ওই আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের মৃত্যুদণ্ড হতে পারে। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে এ বিচার প্রক্রিয়া সরাসরি প্রচার করার কথা। হোসনি মোবারক গত এপ্রিল থেকে আটকাবস্থায় মিসরের পর্যটন নগর শারম আল শেখের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোবারকের আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেল গুরুতর অসুস্থ।হোসনি মোবারককে চিকিৎসা-সুবিধাসম্পন্ন একটি বিশেষ বিমানে করে শারম আল শেখ থেকে কায়রোতে নিয়ে আসা হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে জাগরণ শুরু হওয়ার পর হোসনি মোবারকই প্রথম আরব নেতা, যাকে সশরীরে আদালতে বিচারের মুখোমুখি করা হলো। এদিকে হোসনি মোবারকের বিচারকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে কায়রোর পুলিশ একাডেমি-সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় তিন হাজার সেনা ও পুলিশ। প্রথমে কায়রোর কনভেনশন সেন্টারে এ বিচার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার কথা ভেবে বিচারের স্থান পরিবর্তন করে কায়রোর পুলিশ একাডেমির ভেতরে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ইতিমধ্যে পুলিশ একাডেমির অস্থায়ী আদালতে একটি তাঁবু তৈরি করা হয়েছে। প্রায় ৬০০ মানুষ এ বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে।তীব্র গণ-অভ্যুত্থানের মুখে গত ১১ ফেব্রুয়ারি হোসনি মোবারক পদত্যাগ করতে বাধ্য হন। ওই বিক্ষোভে প্রায় ৮৫০ ব্যক্তি নিহত হয়।