হোসনি মোবারকের মামলার রায় ২ জুন
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে হত্যা মামলার রায় আগামী ২ জুন ঘোষণা করা হবে। মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে যেকোনো ধরনের সংঘাত এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার কায়রোতে দেশটির সর্বোচ্চ আদালতের বিচারক এ ঘোষণার কথা জানান। এ সময় গত বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট-বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনেরা আদালতের বাইরে মোবারকের ফাঁসির দাবিতে স্লোগান দেয়। বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে। ছয় মাস ধরে চলা শুনানির পর এ ঘোষণা দেওয়া হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হোসনি মোবারকের মৃত্যুদণ্ড দাবি করেন। অন্যদিকে আপিল করতে চেয়েছে বিবাদী পক্ষের আইনজীবীরা। শুনানিতে হোসনি মোবারকের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি ওই আন্দোলনে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ‘বিদেশি’দের দায়ী করেছেন।চূড়ান্ত ওই শুনানিতে হাবিব দেড় ঘণ্টা আদালতে তাঁর বক্তব্য প্রদান করলেও হোসনি মোবারক কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।