হোসনি মোবারকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত বছরের শুরুর দিকে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যার দায়ে গতকাল শনিবার আদালত এ রায় দিয়েছেন।একই সঙ্গে মোবারকের আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তবে পুলিশের শীর্ষস্থানীয় ছয়জন কর্মকর্তা খালাস পেয়েছেন।মোবারকের পক্ষের জ্যেষ্ঠ একজন আইনজীবী জানিয়েছেন, তাঁরা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন।আদালতের প্রধান বিচারক আহমেদ রিফাত গতকাল রায় ঘোষণার সময় মোবারকের শাসনামলকে ‘৩০ বছরের অন্ধকার’ বলে আখ্যা দেন। ‘স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য শান্তিপূর্ণভাবে জেগে ওঠায়’ জনগণের প্রশংসা করেন রিফাত। বিচার শুরুর ১০ মাস পর দেওয়া এই রায়কে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ বলে অভিহিত করেন।অসুস্থ মোবারককে গতকাল স্ট্রেচারে করে আদালতে নেওয়া হয়। রায় ঘোষণার সময় তাঁর দুই ছেলে আলা ও গামাল আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।বিচারক রায় পড়ে শোনানোর সময় মোবারকের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আলা ও গামালকে বেশ বিচলিত দেখা যায়। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় কেঁদে ফেলেন মোবারক। কারাগারে নেওয়ার জন্য হেলিকপ্টার আনা হলে প্রথমে তাতে উঠতে রাজি হননি তিনি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা বুঝিয়ে তাঁকে রাজি করান। মোবারককে কায়রোর তোরা কারাগারে নিয়ে যাওয়া হয়। তাঁর আমলের অনেক নেতাই দোষী সাব্যস্ত হয়ে সেখানে সাজা ভোগ করছেন।৮৪ বছর বয়সী মোবারকের বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় বাজারমূল্যের চেয়ে কম দামে ইসরায়েলের কাছে প্রাকৃতিক গ্যাস বিক্রির অভিযোগ রয়েছে। তাঁর দুই ছেলের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।আদালতের রায় ঘোষণার পরই হট্টগোলের সৃষ্টি হয়। কোনো কোনো আইনজীবী আশঙ্কা প্রকাশ করেন, যে রায় দেওয়া হয়েছে, তাতে উচ্চ আদালতে আপিল করলে মোবারক নির্দোষ প্রমাণিত হবেন। তাঁরা এই রায় বাতিল ও বিচার বিভাগ থেকে অবাঞ্ছিত ব্যক্তিদের সরিয়ে দেওয়ার দাবিতে চিৎকার করতে থাকেন।নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, রায় ঘোষণার সময় বিশৃঙ্খলার আশঙ্কায় আদালতের বাইরে দুই হাজার সেনাসদস্য ও পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়।রায় ঘোষণার পর মিসরের বিভিন্ন স্থানে উল্লাস করে মোবারকবিরোধীরা। কোথাও কোথাও পটকা ফুটিয়ে আনন্দ করতে দেখা যায়। মোবারকবিরোধী আন্দোলনে স্বামী হারানো সোহা সাইদ বলেন, ‘এই রায়ে আমি খুশি, খুব খুশি।’ তবে শীর্ষস্থানীয় ছয় পুলিশ কর্মকর্তা খালাস পাওয়ায় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।অন্যদিকে, রায় বাতিলের দাবিতে মোবারকের সমর্থকেরাও বিক্ষোভ করেছেন। অনেককে মোবারকের ছবি নিয়ে আদালতের বাইরে অবস্থান করতে দেখা যায়।১৯৮১ সালে মিসরের ক্ষমতা গ্রহণ করেন মোবারক। আরব বসন্তের ঢেউয়ে গত বছরের ১১ ফেব্রুয়ারি পদত্যাগে বাধ্য হন তিনি। তার পর থেকে ক্ষমতায় আছে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ।মিসরে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি প্রথম ও মোবারকের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক দ্বিতীয় স্থান লাভ করেন। তবে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। এই অবস্থায় চলতি মাসেই আবার নির্বাচনে মুখোমুখি হচ্ছেন এই দুই নেতা। এএফপি, রয়টার্স, বিবিসি।