ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
হোসনে আরা ছুটিতে গেলেন, অধ্যক্ষের দায়িত্বে মঞ্জুয়ারা
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম তিন মাসের ছুটিতে গেছেন। কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মঞ্জুয়ারা বেগমকে অধ্যক্ষের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়ে ছাত্রীদের ক্লাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাঁদের মতামত অনুযায়ী একজন শিক্ষককে অধ্যক্ষের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।’কলেজের জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুন গতকাল সাংবাদিকদের জানান, তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ নন। উল্লেখ্য, পরিচালনা পর্ষদের অর্ধেক সদস্য হোসনে আরাকে অপসারণ করে আম্বিয়া খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছিল।গতকাল দিনভর বেইলি রোডে শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসে নাটকীয় ঘটনা ঘটে। ছাত্রীরা হোসনে আরার বিরুদ্ধে বিক্ষোভ করে।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই প্রতিষ্ঠানটিতে অস্বস্তিকর পরিস্থিতি চলছে। অভিযুক্ত শিক্ষক এখন জেলে আছেন। অন্যদিকে কালক্ষেপণের অভিযোগে কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগমের পদত্যাগ দাবি জানিয়েছে ওই প্রতিষ্ঠানে গতকাল উপস্থিত অধিকাংশ ছাত্রী।গতকাল ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে, অধ্যক্ষ হোসনে আরা বেগম কলেজে আসবেন। ছাত্রীরা ক্লাস বন্ধ করে কলেজের ভেতর মূল ফটকের সামনে অবস্থান নেয়। তারা অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ছাত্রীরা বিকেল পর্যন্ত কলেজে অবস্থান করে। প্রায় দিনভর অচল ছিল ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে আম্বিয়া খাতুনসহ কলেজের জ্যেষ্ঠ শিক্ষকদের ডেকে পাঠান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন। এ সময় কলেজের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষের জন্য একটি নাম ঠিক করে শিক্ষকদের আবার আসতে বলা হয়। তবে আম্বিয়া খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এরপর শিক্ষকেরা কলেজে এসে অন্যান্য শিক্ষকের সঙ্গে আলোচনা করে নাম ঠিক করেন। তাঁরা আবার বকশীবাজারে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানেই মঞ্জুয়ারা বেগমকে অধ্যক্ষের চলতি দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় কলেজের অস্থায়ী (অ্যাডহক) পরিচালনা পর্ষদের প্রধান ও ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক উপস্থিত ছিলেন।এর আগে হোসনে আরা বেগম ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে তিন মাসের ছুটির আবেদন করেন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আশা করা যায়, বিভিন্ন উদ্যোগের ফলে কলেজের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ঘোলাটে করছে। এতে প্রতিষ্ঠান ও ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে এটা আমি মানতে পারি না। তাই পরিস্থিতিকে স্থিতিশীল করার সুযোগ করে দিতে ছুটি নিয়েছি।’চলতি দায়িত্ব পাওয়া অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে ও লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। আগামী রোববার থেকে প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হবে বলে তিনি জানান। ছাত্রী ও শিক্ষকদের পক্ষে গতকাল অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।কলেজের কয়েকজন সাবেক ছাত্রী ও অভিভাবক সাংবাদিকদের বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে গেছে। বিক্ষোভের সময় একজন ছাত্রীর প্ল্যাকার্ডেও লেখা ছিল ‘রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত শিক্ষাঙ্গন চাই’।ভিকারুননিসার ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একজন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করার প্রক্রিয়া সঠিক ছিল না। কারণ, পরিচালনা পর্ষদ জরুরি তলবি সভা ডাকলেও ২৪ ঘণ্টার নোটিশ দিতে হয়। তা ছাড়া ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। নির্বাচন দেওয়ার কথা ছিল, সেটাও তারা দিতে পারেনি। এমনকি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। এসব কারণে কমিটি ভেঙে দেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, গত বুধবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোক কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু ভিকারুননিসার মতো শিক্ষাপ্রতিষ্ঠানে কেক কাটা ও আনন্দ-উল্লাসের ঘটনা ঘটেছে। এতে বোঝা যায়, ছাত্রীদের ভুল বোঝানো হচ্ছে। পরিকল্পিতভাবে কেউ-না-কেউ এটা করিয়েছে।পূর্ণাঙ্গ অস্থায়ী কমিটি গঠন: অস্থায়ী কমিটির প্রধান ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, আগামী রোববার সকাল ১০টায় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। এর মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসেবে নাসরিন আখতার ও অভিভাবক প্রতিনিধি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মোশারফ হোসেনকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া সদস্যসচিব হিসেবে থাকবেন চলতি দায়িত্বে থাকা অধ্যক্ষ।আজিমপুর শাখায় বিক্ষোভ: ভিকারুননিসা নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার প্রধান লুৎফুন্নেসাকে বসুন্ধরা শাখায় বদলির সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল আজিমপুর শাখায় বিক্ষোভ করেছেন ছাত্রী ও তাদের অভিভাবকেরা। তাঁরা বলছেন, শাখাপ্রধানকে বদলি করা হলে এই শাখার শিক্ষা-কার্যক্রম ক্ষতির মুখে পড়বে। একই সঙ্গে তাঁরা বলেন, অভিযুক্ত শিক্ষকদের এই শাখায় বদলি করার সিদ্ধান্ত তাঁরা মানবেন না।