হোসনে আরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণ মামলায় সাবেক অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুত্ফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।একই সঙ্গে আদালত ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক পরিমল জয়ধরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন।ঢাকার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. আরিফুর রহমান আজ সোমবার এ আদেশ দেন।আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আদালতে দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে কোনো আপত্তি উত্থাপন করেননি। তবে ন্যায়বিচারের স্বার্থে তদন্ত কর্মকর্তার সুপারিশ প্রত্যাখ্যান করে বাদ দেওয়া দুই ব্যক্তি হোসনে আরা ও লুত্ফুর রহমানকে আসামি হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় অভিযোগ আমলে নেওয়া হয়েছে।আদালত আগামী ৯ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন রমনা ও বাড্ডা থানাকে দাখিল করতে আদেশ দেন।গত ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে হাত বেঁধে, মুখে ওড়না গুঁজে জোর করে পাশবিক নির্যাতন করা হয়। এ ঘটনার ১৮ দিন পরে ৫ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শিক্ষক পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার প্রধান লুত্ফুর রহমানকে আসামি করা হয়। গত ৭ জুলাই কেরানীগঞ্জের একটি বাসা থেকে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে । বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন ঘটনার তদন্ত করে গত ১৪ আগস্ট পরিমলকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এ অভিযোগপত্রের বিরুদ্ধে বাদী পক্ষ নারাজি আবেদন করলে পুলিশ শুধু পরিমলের নামেই সম্পূরক অভিযোগপত্র দেয়।