হোয়াইট হাউস বিচলিত ছিল
আনাতলি দবরিনিন ১৯৭১ সালে ওয়াশিংটনে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত ছিলেন। তাঁর স্মৃতিকথা ইন কনফিডেন্স থেকে এখানে নির্বাচিত অংশের অনুবাদ পত্রস্থ হলো।একাত্তরের অক্টোবরে পাকিস্তান ও ভারতের সম্পর্কের অবনতি ঘটলে আমরা গোপন সূত্রের মাধ্যমে জোরালোভাবে যোগাযোগ চালিয়ে গেলাম, কিন্তু সংঘর্ষ নিবারণে ব্যর্থ হলাম। মার্কিন সরকার পাকিস্তানকে প্রচ্ছন্নভাবে সমর্থন করেছিল; আর যখন পাকিস্তানের সামরিক অবস্থা সঙ্গীন, তখন সোভিয়েত ইউনিয়নের প্রতি আহ্বান জানাল, তারা যেন ভারতকে সংযত করতে হস্তক্ষেপ করে। পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারত সক্রিয় সমর্থন জোগাচ্ছিল। কিসিঞ্জারের কার্যকলাপ ও বিবৃতি বিবেচনা করলে বোঝা যায়, হোয়াইট হাউস তখন বিচলিত হয়ে পড়েছিল। কেননা, তার মিত্রকে কার্যকর সামরিক সহায়তা দেওয়ার অজুহাতের ঘাটতি ছিল। পূর্ব পাকিস্তানের জনগণকে সমুচিত জবাব দেওয়া এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নীতি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচণ্ড প্রতিবাদের মুখে পড়ে। আবার ভারতের সঙ্গে বন্ধন ধ্বংস করতেও যুক্তরাষ্ট্র ছিল অনিচ্ছুক।৬ থেকে ১০ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট নিক্সন ও সোভিয়েত প্রেসিডেন্ট ব্রেজনেভের মধ্যে সক্রিয় বার্তাবিনিময় চলে। উভয় পক্ষ একদিকে সামরিক সংঘর্ষ এড়ানোর ব্যাপারে কৌশলী ছিল, আবার পাশাপাশি নিজের মিত্রকে সহায়তার ব্যাপারেও উৎসাহী ছিল। হোয়াইট হাউসের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ, তাদের মনে হয়েছিল, সামরিক দিক থেকে পাকিস্তানের অবস্থা নাজুক। ১০ ডিসেম্বর নিক্সন আমাদের বলেছিলেন, তাঁর সঙ্গে মিলে আমরা যেন পূর্ণ অস্ত্রবিরতির যৌথ আহ্বান জানাই। সোভিয়েত ইউনিয়ন ও ভারতের ওপর চাপ প্রয়োগের পরিষ্কার প্রচেষ্টা হিসেবে নিক্সন একটি অনন্য ব্যাপার সোভিয়েত নেতৃত্বের কাছে প্রকাশ করে দেন। প্রচণ্ড আত্মবিশ্বাসে তিনি কিসিঞ্জারের মাধ্যমে আমাদের অবহিত করান যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সমঝোতায় এক গোপন প্রটোকল আছে।মার্কিন চাপ তৈরির জন্য কিসিঞ্জার আমার অনুপস্থিতিতে আমাদের সুযোগ্য চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউলি ভোরনৎসভকে বলেন, নৌবাহিনীর রণকৌশলগত পুনর্মোতায়েনের (যার ভেতর দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে দ্রুত একটি বিমানবাহী জাহাজের টাস্কফোর্স প্রেরণও ছিল) আড়ালে পাকিস্তানকে সহায়তার প্রস্তুতি নিতে মার্কিন সেনাবাহিনীকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এর জবাবে সোভিয়েত ইউনিয়নের ভারত মহাসাগরীয় রণতরীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজ উত্তর অভিমুখে পাঠানো হয়।কিসিঞ্জার আমাদের কাছে পরিষ্কার করেন যে ভারত-পাকিস্তান ফ্রন্টের পশ্চিমাংশ নিয়েই মূলত যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ওয়াশিংটনের আশঙ্কা, পূর্ব ফ্রন্টে পাকিস্তানের পরাজয়ে পশ্চিমাংশ ধসে পড়বে। পরবর্তী সময়ে কিসিঞ্জার যেমন লিখেছেন, তিনি ধারণা করেছিলেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা ও পুনরুদ্ধারের পরিকল্পনা করছেন শ্রীমতি গান্ধী; আর এভাবে পূর্বাংশে পাকিস্তানের লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের অবশিষ্ট অংশকে খণ্ডবিখণ্ড হয়ে পড়ার দিকে ঠেলে দেবেন (পূর্বাংশে যুদ্ধে ভারত জিতে যাচ্ছে, তা হোয়াইট হাউসকে মেনে নিতে হয়েছিল)। কিসিঞ্জারের প্রচেষ্টার অংশ হিসেবে তখন তিনি ভোরনৎসভকে বললেন, তিনি যেন মস্কোকে আশ্বস্ত করেন যে পাকিস্তান চীনের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এই সংঘর্ষের ব্যাপারে বেইজিংয়ের সঙ্গে হোয়াইট হাউসের সংশ্লিষ্টতা নেই। তিনি এ বিষয়টি জাতিসংঘে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন।যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের উত্তেজনা দৃশ্যমান হয় ১২ ডিসেম্বর আমার প্রত্যাবর্তনের সময়। নিক্সনের উদ্দেশে মস্কো বিশেষ গুরুত্বপূর্ণ এক বার্তা পাঠায়। তাতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যোগাযোগ থেকে ইঙ্গিত মিলেছে যে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সরকার কোনো সামরিক ব্যবস্থা নিতে আগ্রহী নয়।’ এ কথা জেনে কিসিঞ্জার স্পষ্টত স্বস্তি পেলেন। তিনি বললেন, এটা সুখবর। পাশাপাশি তিনি অভিযোগ করলেন, ভারতের এই নিশ্চয়তার মধ্যে স্পষ্টতার ঘাটতি আছে। গোপন সূত্র ব্যবহার করে নিবিড় আলোচনা অব্যাহত রাখার জন্য আমাদের প্রতি তিনি আহ্বান জানান। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, চীনের দুয়ার খোলায় সহায়তার বিনিময়ে পাকিস্তানের পক্ষ নেওয়ার পর নিক্সন ও কিসিঞ্জার ও চীনকে মস্কোর এই কথার ওপরই নির্ভর করতে হলো যে পশ্চিম পাকিস্তানে ভারত হামলা চালাবে না।এভাবেই সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক হস্তক্ষেপ সহায়তা করল সামরিক সংঘর্ষ এমন পর্যায়ে ছড়িয়ে যাওয়া ঠেকাতে, যেখানে হাজার মাইলের বেশি দূরের পূর্বের প্রদেশ ছিন্ন করে ফেলা শুধু নয়, পশ্চিম পাকিস্তানকে সম্পূর্ণ ‘পরাজয় ও খণ্ডবিখণ্ড’ হয়ে যেতে হতো। আমার ধারণা, সংঘর্ষের শুরুতে পাকিস্তানের উদ্ধত আচরণের পেছনে হয়তো কিছু পরিমাণে কাজ করছিল আমেরিকার কারসাজিমূলক কূটনীতি—পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র দৃঢ় অবস্থান নেবে, এমন ধারণা দেওয়া হয়েছিল। কিন্তু তা-ই যদি হয়, তাহলে বলতে হবে, নিক্সন প্রশাসন পাকিস্তানি সেনাবাহিনীর বিরাট প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের বাস্তবিত মিত্র পাকিস্তান তার অর্ধেক ভূখণ্ড হারিয়ে ফেলে।জানুয়ারি মাসে আমরা যখন কিসিঞ্জারের সঙ্গে এক সম্মেলনের খুঁটিনাটি নিয়ে কাজ করছিলাম, তখন তাঁর মুখ থেকে শোনা গেল চরম কথাটি। ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ইচ্ছা কী, তা নিয়ে কিসিঞ্জার অসংগতভাবে সন্ত্রস্ত ছিলেন স্বীকার করে নিয়ে তিনি কার্যত মেনে নেন যে, তিনি কিছু ‘অযৌক্তিক পদক্ষেপ’ নিয়েছিলেন।