গতকাল ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে মায়ের জন্য পাগল ছবিটি। আহমেদ নাসির পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন ববিতা। আজ কথা হলো তাঁর সঙ্গে।কী নিয়ে ব্যস্ত আপনি?অনেক দিন দেশে ছিলাম না। ছেলে অনীক কানাডায় পড়াশোনা করে। ওর কাছে গিয়েছিলাম। পাঁচ মাসের বেশি সময় ওর কাছে ছিলাম। ছেলে আমার সঙ্গেই দেশে এসেছিল। ওকে নিয়ে দেশেও বেশ ব্যস্ত সময় কাটালাম। অনেক দিন পর আপনার অভিনীত চলচ্চিত্র ‘মায়ের জন্য পাগল’ মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে কিছু বলুন।সোহেল রানা ও আমি ছিলাম একসময় সুপারহিট জুটি। আমাদের অভিনীত চলচ্চিত্র নাগ-পূর্ণিমা, চ্যালেঞ্জ, ঘেরাও, মিন্টু আমার নাম—এই ছবিগুলো সুপারহিট ব্যবসা করেছিল। এখন আমরা নায়ক-নায়িকা চরিত্রে কাজ করি না। এবার এই ছবিতে আমি আর সোহেল রানা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। এখানে গল্পটাও বেশ মজার।সেটি কী রকম?আমাদের দুই ছেলে মারুফ ও ইমন। ওরা আমার জন্য যেমন পাগল থাকে, তেমনি আবার সোহেল রানা পাগল থাকেন তাঁর মায়ের জন্য। এর মধ্যেই থাকে পারিবারিক টানাপোড়েন, দ্বন্দ্ব, প্রেম-ভালোবাসা। এর বেশি কিছু এখন আর বলব না। তাহলে ছবির গল্পের মজাটা নষ্ট হয়ে যাবে।দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় কি আপনি কানাডাতেই ছিলেন, নাকি অন্য কোথাও ঘুরে বেরিয়েছেন?প্রথমে কানাডায় গিয়ে একটি কম্পিউটার স্কুলে ভর্তি হয়েছি। সেখানে ক্লাস করে কম্পিউটার সম্পর্কে জেনেছি। এখন আমি দুনিয়ার যে প্রান্তেই যাই না কেন, ল্যাপটপে বসে ওয়েবে ছেলের সঙ্গে সরাসরি কথা বলি, নেটে বসে চ্যাট করি, খুবই ভালো লাগে। কানাডা থেকে আমেরিকায় এসেছি। সেখানে আমার স্কুলজীবনের বন্ধুরা থাকে। কেউ হয়তো লস অ্যাঞ্জেলেসে, কেউ বা লাসভেগাসে, আবার কেউ বা ভার্জিনিয়া শহরে থাকে। তো ঘুরতে ঘুরতে একবার মনে হলো ওয়াশিংটনে যাই। সেখানে হোয়াইট হাউস দেখতে গেলাম। এক নতুন অভিজ্ঞতা হলো। একজন আমেরিকান একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। সেখানে লেখা আছে বুশ হচ্ছে বড় টেররিস্ট। আজকে তাঁর কারণেই যত গণ্ডগোল হচ্ছে সবখানে। আমি ওই ভদ্রমহিলার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুললাম আর দেখলাম হোয়াইট হাউস। যেখান থেকে সারা দুনিয়া শাসিত হচ্ছে।দেশে এসে কি আবার শুটিং শুরু করেছেন?এখনো করিনি। তবে দু-তিনটি ছবির পরিচালকের সঙ্গে এরই মধ্যে কথা চূড়ান্ত হয়েছে। সামনে একটি ছবির শুটিং করার জন্য যাব মালয়েশিয়ায়। এরপর দেশে সীমারেখা নামে একটি ছবিতে কাজ শুরু করব। এই ছবির মধ্য দিয়েই অনেক দিন পর আবার আমি আর ফারুক ভাই একসঙ্গে কাজ করব।