হোয়াইট হাউসে চীনের সাইবার হামলা
হোয়াইট হাউস কর্তৃপক্ষ আজ সোমবার জানিয়েছে, চীন সরকারের সাথে সংশ্লিষ্ট হ্যাকাররা মার্কিন সেনা দপ্তরের কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে। গতকাল রোববার হামলার খবর একটি পত্রিকায় প্রকাশিত হলে, হোয়াইট হাউস খবরটি চেপে যাওয়ার চেষ্টা করেছিল। আজ এক বিবৃতি দিয়ে হোয়াইট হাউস হামলার সত্যতা স্বীকার করে।ডেইলি মেইলে প্রকাশিত খবরে বলা হয়, হ্যাকাররা হোয়াইট হাউসের এমন একটি নেটওয়ার্কে হামলা চালিয়েছে যেটিতে পারমাণবিক বোমা বিষয়ক তথ্যাদি সংরক্ষিত থাকে।হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ‘একটি অরক্ষিত নেটওয়ার্কে এই সূক্ষ্ম হামলাটি চালানো হয়। এ ধরনের টুকটাক হামলার একেবারে যে হয় না, তা নয়। তবে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’সাধারণত এ ধরনের হামলায় কোন একজনের কাছে একটি ইমেইল পাঠানো হয়। ইমেইলের সাথে একটি লিংক দেওয়া থাকে। ব্যবহারকারী ফাইল ডাউনলোড করার জন্য লিংকটিতে ক্লিক করা মাত্র হ্যাকার ব্যবহারকারীর নেটওয়ার্কে ঢুকে পড়ে।ওই কর্মকর্তা বলেন, হামলার সাথে সাথে বিপর্যয় ধরা পড়ে। কোন অরক্ষিত তথ্য খোয়া গেছে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে হ্যাকাররা সংরক্ষিত তথ্য ভাণ্ডারের কোন ক্ষতি করতে পারেনি।হ্যাকিঙয়ের খবরটি প্রথম প্রকাশিত হয় ওয়াশিংটন ফ্রি বিকন পত্রিকার রোববারের সংস্করণে। রিপাবলিকান দলীয় এ পত্রিকাটি বরাবরই ওবামা প্রশাসনের ব্যর্থতা নিয়ে উচ্চকিত। পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামলার পেছনে চীন সরকারের হাত আছে। খবরে বলা হয়, গত সেপ্টেম্বর মাসেও এ ধরনের হামলা হয়েছিল এবং এ ধরনের নিয়মিত সাইবার হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ওবামা প্রশাসন।এ প্রতিবেদনের জবাবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সাইবার হামলা হয়েছে এটি সত্যি। তবে কোন গুরুত্বপূর্ণ তথ্য পায়নি হ্যাকাররা।এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে চীনা হ্যাকাররা হামলা চালিয়েছে। তবে এবার হামলা হয়েছে কেবল সামরিক দপ্তরের নেটওয়ার্কে। তবে হামলার পর নিরাপত্তা বিষয়ে ওবামা প্রশাসনের টনক নড়েছে। গত বছর ওবামা ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক প্রবন্ধে ডিজিটাল নিরাপত্তার প্রতি জোর দিয়েছিলেন।