হোয়াইট হাউসে তৈরি বিয়ার পান করেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউস অনেক বিষয়ে গোপনীয়তা রক্ষা করে। প্রেসিডেন্টের মদ্যপানের বিষয়টি এর অন্যতম। কিন্তু বারাক ওবামার সেই গোপন বিষয়টিই ফাঁস করে দিয়েছে খোদ হোয়াইট হাউস। বর্তমান প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউসে তৈরি বিয়ার পান করেন। ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউসে বিয়ার তৈরির এটাই প্রথম ঘটনা। খবর বিবিসির। অনলাইনে ১৩ হাজার লোকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ওবামার বিয়ারপানের বিষয়টি প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউস প্রথমে বিষয়টি প্রকাশে গড়িমসি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত একটি ব্লগে ‘এইল টু দ্য চিফ’ শিরোনামে প্রেসিডেন্টের বিয়ারপানের বিষয়টি বিস্তারিত প্রকাশ করা হয়। এতে জানানো হয়, নির্বাচনী প্রচারণার সময় ওবামা ঘরে তৈরি বিয়ারই পান করেন।হোয়াইট হাউসের সহকারী শেফ স্যাম ক্যাস বলেন, ‘হোয়াইট হাউসে বিয়ার তৈরি নিয়ে মানুষের মধ্যে এত উত্তেজনা দেখে আমরা সিদ্ধান্ত নিলাম, এটা জানিয়ে দেওয়াই ভালো।’ ওবামার জন্য স্যাম ক্যাস বিয়ার তৈরি করলেও হোয়াইট হাউস দাবি করছে, বিয়ার তৈরির যাবতীয় সরঞ্জাম ও উপাদান কেনার খরচ ওবামা নিজেই বহন করেন। কীভাবে বিয়ার প্রস্তুত হয়, সে-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। স্যাম ক্যাস বলেন, ‘হোয়াইট হাউসে তৈরি বিয়ার অসাধারণ। আমার ইচ্ছে, প্রত্যেক মার্কিনই এর স্বাদ নিক। কিন্তু আমাদের উত্পাদন পর্যাপ্ত নয়।’ ওবামার বিয়ারপানের বিষয়টি প্রকাশের মধ্যে অনেকে রাজনৈতিক গন্ধ খুঁজে পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দেখা গেছে, বিয়ারপ্রিয় প্রার্থীকে ভোট দিতে পছন্দ করে মার্কিনরা। ওবামার প্রতিদ্বন্দ্বী মিট রমনি মদ্যপান করেন না। তাই নির্বাচনের মাত্র দুই মাস আগে ওবামার বিয়ারপানের খবর প্রকাশের মধ্যে রাজনৈতিক গন্ধ খুঁজে পাওয়াটাই স্বাভাবিক।