হ্যাকিংয়ে জড়িতদের খুঁজে বের করা উচিত: ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উচিত বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপে কথোপকথন হ্যাকিং এবং তা পত্রিকায় প্রকাশের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের খুঁজে বের করা। পুনর্গঠনের পর কার্যক্রম শুরু করে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মত দিয়েছেন। একই দাবি করেছেন বিচারের সঙ্গে সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা। আইনমন্ত্রী বলেছেন, সরকারের পক্ষ থেকে এ নিয়ে আলাদা তদন্ত করা হবে কি না, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।পুনর্গঠনের পর গতকাল প্রথম দিনের মতো বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।কার্যক্রমের শুরুতে ট্রাইব্যুনাল বলেন, মুক্তিযুদ্ধের ৩৯ বছর পর বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হয়। দুই বছর পর বিচার গতিশীল করতে গঠন করা হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল। সম্প্রতি এই বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপে কথোপকথন ও ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার পর তা পত্রিকায় ছাপা হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেছেন। সরকার দুটি ট্রাইব্যুনালই পুনর্গঠন করেছে। এখন সরকারের উচিত হবে এ নিয়ে সৃষ্ট বিতর্ক দূর করতে পদক্ষেপ নেওয়া এবং কথোপকথন ও ই-মেইল হ্যাকিংয়ের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের খুঁজে বের করা।বিচারপতি নিজামুল হককে চেয়ারম্যান করে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত প্রথম ট্রাইব্যুনালের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর। পরে ২০১২ সালের ২২ মার্চ তিনি ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান হিসেবে যোগ দেন। স্কাইপ বিতর্কের জের ধরে ১১ ডিসেম্বর বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর ১৩ ডিসেম্বর চেয়ারম্যান হিসেবে ট্রাইব্যুনাল-১-এ ফিরে আসেন বিচারপতি ফজলে কবীর।বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে এ ঘটনার তদন্ত হওয়া দরকার। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘কারা হ্যাকিং করেছে তা উদ্ঘাটনের জন্য সরকারের উচিত একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা তদন্তের ব্যবস্থা করা। কোন দিক থেকে (দেশে না বিদেশে) হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, তা-ও খুঁজে বের করতে হবে।’মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে যেমন তদন্ত দরকার, তেমনি সর্ষের মধ্যে ভূত আছে কি না, তা-ও দেখার জন্য তদন্ত দরকার। বিচারপতি নিজামুল হক ও আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপে কথোপকথন আমার দেশ ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ছাপে। ১৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ আমার দেশসহ দেশের সব পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমকে ওই কথোপকথন এবং এর ওপর ভিত্তি করে লেখা বা প্রতিবেদন প্রকাশ না করার নির্দেশ দেন। ওই আদেশে ট্রাইব্যুনাল বলেন, স্কাইপের কথোপকথন হ্যাক করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা একটি অপরাধ, পরে তা গণমাধ্যমে প্রকাশ করা আরেকটি অপরাধ। ওই দিন হাইকোর্ট কথোপকথন হ্যাকিং ও তা প্রকাশের সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার ও গ্রেপ্তারের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন। একই দিনে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়।হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে সরকারের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘এ নিয়ে মামলা হয়েছে, পুলিশ তদন্ত করছে। সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে কি না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনবোধে আমরাও এ বিষয়ে আলাদা তদন্ত কমিটি করতে পারি।’