হ্যারিকে পর্নো ছবিতে অভিনয়ের প্রস্তাব!
ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারিকে পর্নো ছবিতে অভিনয়ের জন্য এক কোটি ডলার দেওয়ার এক প্রস্তাব করা হয়েছে বলে খবর রটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক টিএমজি ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই আজ সোমবার এ খবর জানিয়েছে।সম্প্রতি হ্যারির দুটি নগ্ন ছবি প্রকাশ করে টিএমজি ওয়েবসাইট। ছবিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলের কক্ষে হ্যারিকে দুই তরুণীর সঙ্গে নগ্ন অবস্থায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বন্ধুদের সঙ্গে অবকাশযাপনের সময় মুঠোফোনের ক্যামেরা দিয়ে ছবিগুলো তোলা হয়েছিল। এ ছবি প্রকাশের পরই পর্নো চলচ্চিত্রে অভিনয়ের জন্য হ্যারিকে প্রস্তাব দেওয়া হয়েছে।টিএমজি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে প্রকাশিত প্রিন্স হ্যারির নগ্ন ছবির ওপর ভিত্তি করে পর্নো চলচ্চিত্রটির নাম প্রস্তাব করা হয়েছে ‘দ্য ট্রাবল উইথ হ্যারি’। পর্নো চলচ্চিত্র নির্মাতাপ্রতিষ্ঠান ভিভিড এন্টারটেইনমেন্টের স্টিভ হিরশ এ বিষয়ে হ্যারিকে লেখা তাঁদের বিস্তারিত প্রস্তাবসংবলিত একটি চিঠি লন্ডনের রাজপ্রাসাদের ঠিকানায় পাঠিয়েছেন। প্রস্তাবে বলা হয়েছে, ‘আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ছবিটির কাহিনি হবে চমত্কার আর এতে কোনোভাবেই রাজপরিবারের গৌরব ম্লান হবে না।’ হ্যারির এই নগ্ন ছবি প্রকাশের ঘটনায় রাজপরিবার বিব্রত। বাবা প্রিন্স চার্লস ও রানি দ্বিতীয় এলিজাবেথ রাজপরিবারের একজন সদস্য হিসেবে হ্যারিকে তাঁর দায়িত্ব সম্পর্কে সচেতন করেছেন। একই সঙ্গে ওই ঘটনার দায় নিয়ে তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে। ২৯ আগস্ট বিশেষ অলিম্পিকের আগে এ বিষয়ে বিবৃতি দিতে পারেন হ্যারি।