হ্যালি বেরিকে ‘খাতির’ করায় ক্ষুব্ধ কানাডীয়রা
অস্কারজয়ী অভিনেত্রী বলে কথা! তাঁকে তো একটু খাতির করা যেতেই পারে। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী হ্যালি বেরিকে তাই খাতির করেছিল কানাডার পুলিশও। আর এটা করে সাধারণ কানাডিয়ানদের তীব্র ক্ষোভের মুখে পড়েছে তারা। ঘটনাটি গত সোমবারের। এদিন হ্যালি কানাডার মন্ট্রিল থেকে সপরিবারে এয়ার কানাডার একটি বিমানে করে লস অ্যাঞ্জেলস যাচ্ছিলেন। এ সময় হ্যারির সঙ্গে ছিলেন তাঁর ছেলেবন্ধু গ্যাবরিয়েল অবরি এবং ২২ মাস বয়সী মেয়ে নাহলা। বিমানবন্দরে কর্মরত পুলিশ তাঁদের ভিআইপি মর্যাদায় অতি দ্রুত নিরাপত্তা তল্লাশির কাজ সেরে দেয়। এ সময় হাজার খানেক যাত্রী লাইনে দাঁড়িয়ে ছিল।পুলিশের এমন পক্ষপাতিত্বমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করে ওই যাত্রীরা। অন্যদের তুলনায় হ্যালির সঙ্গে একটু ভিন্ন আচরণ করা ভুল হয়েছে বলেও স্বীকার করে নিয়েছে মন্ট্রিল পুলিশ। শুধু তা-ই নয়, ভবিষ্যতে যাতে এমন ভুল আর না হয় সে ব্যাপারে গতকাল পুলিশ কর্মকর্তাদের প্রতি একটি নির্দেশনা পাঠানো হয়েছে। বার্তা সংস্থা আইএএনএস জানায়, মন্ট্রিল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৩২ সদস্যের নিরাপত্তা দলের প্রধান জিমি কাচিওন জানিয়েছেন, ‘দেরি হয়ে যাচ্ছে এবং সঙ্গে বাচ্চা আছে’—এমন কথা বলে হ্যারির স্বামী দ্রুত ওই লাইন পার হওয়ার কথা বলছিলেন। এ পরিপ্রেক্ষিতেই পুলিশ উদ্যোগী হয়ে দ্রুত তাঁদের লাইন পার করিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তিনি জানান, পুলিশ তখনই কোনো তারকাকে দ্রুত লাইন পার করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন; যখন তিনি অনেক অটোগ্রাফ শিকারির খপ্পরে পড়েন। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তি, ছোট বাচ্চাসহ যেসব যাত্রী থাকে তাদের ক্ষেত্রেও পুলিশ এমন ব্যবস্থা নেয়। তবে হ্যালি বেরির ক্ষেত্রে এসব নিয়মের কোনোটাই প্রয়োগ করা হয়নি বলে তিনি স্বীকার করেন।