হ্যালো, হাইতি থেকে বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তের সম্পর্কের কেউ থাকে না হাইতিতে। তাতেই বুক ফেটে যায়। টেলিভিশনের খবর, সংবাদপত্রের ছাপা ছবি দেখে মনের ভেতর যেন ভূমিকম্পই হতে থাকে। আর যদি থাকে সেখানে আপন কেউ, যে কিনা পরিবারের ভরসা—তবে? যতক্ষণ কোনো খবর পাওয়া যাচ্ছিল না আপনজনের ততক্ষণ উদ্বেগ, আশঙ্কা, ভয়। অতঃপর জানা গেল ‘ভালো আছি, বেঁচে আছি’। আহ! শান্তি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হয়ে হাইতিতে কর্মরত বাংলাদেশের ছয় পুলিশ সদস্যের দুইজনের পরিবারের কথা শুনুন।তৌহিদা শিরোপাভূমিকম্পে বিধ্বস্ত হাইতি। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বাংলাদেশের ছয়জন পুলিশ কর্মকর্তা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে তাঁরা হাইতি গিয়েছেন। ১২ জানুয়ারির সেই ভূমিকম্পে তাঁদের কোনো ক্ষতি হয়নি। ভালো আছেন। কিন্তু দেশে থাকা তাঁদের পরিবারে উদ্বিগ্নতা ও উত্কণ্ঠার ছায়া পড়েছিল দূরে থাকা প্রিয় মানুষটির জন্য। অজানা ভয় গ্রাস করেছিল। ভালো আছেন—এ খবর পেয়ে সেই ভয় কেটে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারগুলো। হাইতিতে জাতিসংঘ মিশনে যোগ দেওয়া এমনই দুজন কর্মকর্তা হলেন ইন্সপেক্টর আবু বকর ও সার্জেন্ট (ট্রাফিক) মো. মাবিয়ান মিয়া। তাঁদের পরিবারের সেই উত্কণ্ঠা, অনুভূতির কথা নিয়েই এবারের নারীমঞ্চ প্রতিবেদন।‘বেঁচে আছি, ভালো আছি’তখন সন্ধ্যা। ঢাকার রামপুরা বনশ্রী এলাকার একটি ফ্ল্যাট। দুই বাচ্চাকে নিয়ে থাকেন গৃহকর্ত্রী। ছোট মেয়েটির বয়স দুই বছর। ছেলে পড়ে দ্বিতীয় শ্রেণীতে। বৈঠকখানায় অনেক পুরস্কার সাজানো। পুরস্কারগুলো পেয়েছেন ইন্সপেক্টর আবু বকর।সুপ্রিত, সুপ্রভা ও স্ত্রী সোমাকে নিয়ে ছোট্ট সুখী পরিবার ইন্সপেক্টর আবু বকরের। বর্তমানে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত। তাঁর স্ত্রী সোমা জানালেন, সে দিনের সেই উত্কণ্ঠার কথা। কথা বলার সময় প্রিয় মানুষটির জন্য গলা বুজে আসছিল। অশ্রুভরা চোখে এখনো ভয় খেলা করছে। আবার যদি কিছু হয়। বাবার বাড়ি ঈশ্বরদী বেড়াতে গিয়েছিলাম। সকাল নয়টার মতো হবে। আমি তখনো ঘুমে। হঠাত্ দরজায় ধাক্কা। মা প্রথমে খবরটি দিলেন। কথাটি বুঝতে বেশ খানিকটা সময় লেগেছিল। তাড়াতাড়ি উঠে টেলিভিশনে খবর দেখি। সত্যিই তো! কী করব বুঝে উঠতে পারি না।ভূমিকম্পের দুই দিন আগে থেকেই ওর সঙ্গে যোগাযোগ হয়নি। ব্যস্ত থাকায় টেলিফোন করতে পারেনি। সঙ্গে সঙ্গে ওর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করতে থাকি। ফোন বন্ধ। আমি অনুভূতিহীন হয়ে গিয়েছিলাম। নানা জায়গায় যোগাযোগ করার চেষ্টা করতে থাকি। কেউ কোনো খবর দিতে পারে না। পুলিশ হেড কোয়ার্টারে ফোন করি। টেলিভিশনে দেখি মৃতের সংখ্যা বাড়ছে। অজানা আশঙ্কা, ভয় ঘিরে ধরে। দমবন্ধ হয়ে আসে। ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে কাঁদতেও পারি না। তাহলে ওরা ভেঙে পড়বে। মেয়েটি তেমন কিছু বোঝে না। কিন্তু সুপ্রিত বাবার জন্য কাঁদতে থাকে। সময় গড়িয়ে যায়। দোয়া পড়তে থাকি। বিকেল চারটার দিকে পুলিশ হেড কোয়ার্টার থেকে ফোন আসে—আমি কোনো খবর জানি কি না জানার জন্য। তখন আমার মনে হয়, নিশ্চয় কোনো বিপদ হয়েছে। কেউ আমাকে বলছে না। ওর কিছু হলে মেনে নিতে পারব না। কত কথা যে মনের মধ্যে খেলা করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। হঠাত্ বিকেল পাঁচটার দিকে অচেনা নম্বর থেকে একটা ফোন আসে। ভারতীয় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী পুনম মেহতার ফোন। তাঁর স্বামীও হাইতিতে কর্মরত। তিনি প্রথম জানান, বকর ভালো আছে। আমি জিজ্ঞাসা করি, বকরের কণ্ঠ শুনেছেন কি না। বলেন, শুনেছি। চিন্তা করার কিছু নেই। সুস্থ আছে। মনের মধ্যে নানা প্রশ্ন জাগে। খটকা লাগে। এত দূর থেকে তিনি কেন ফোন করলেন। খারাপ কিছু হয়নি তো। সান্ত্বনা দিতেই নিশ্চয়ই ফোন করেছেন। অচেনা একজন মানুষ এভাবে কেন ফোন করবেন। মনকে আর স্থির রাখতে পারি না। কান্নাকাটি করতে থাকি। এর মধ্যে খবর পাই পুলিশের এক কর্মকর্তা (মোবিয়ান মিয়া) ফোন করেছেন। তাঁর পরিবারের লোক জানায়, সবাই ভালো আছেন। নির্ঘুম রাত কাটে। আরেকটি দিনের শুরু। বিদেশের মাটিতে কী করছে কে জানে। আদৌ কি বেঁচে আছে? কোথায় যাব, কার কাছে যাব? মানুষটি ছাড়া যে আমাদের পরিবার অচল। এভাবেই কেটে যায় সে দিনটি। তার পরের দিন ফোন করে বকর। ‘আমি বেঁচে আছি, ভালো আছি’ এটিই তাঁর প্রথম কথা ছিল। বিশ্বাস করতে পারছিলাম না। আবার বলি, তুমি সত্যিই ভালো আছ? সুস্থ আছ? ও বলে, পুলিশ স্টেশনে ঢোকার ১০ মিনিট আগে ভূমিকম্প হয়। তাই ভাগ্যক্রমে বেঁচে গেছে। হাইতির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান বেঁচে নেই। সেটিও জানায়। ও বলছিল, ‘মৃত্যুকে মেনে নিচ্ছিলাম। শুধু তোমাদের মুখ চোখের সামনে ভাসছিল। কীভাবে যে বেঁচে গেছি, তা বলতে পারব না। তোমরা ভালো থেকো।’ আবু বকরের স্ত্রী সোমা সেসব মুহূর্তকে ভুলতে পারছেন না। তিনি জানান, এখন পুলিশ কর্মকর্তারা ত্রাণকাজে সাহায্য করছেন। একবার স্বামীকে দেশে চলে আসতে বলেছিলেন। কিন্তু এত মানুষের দুর্দশা দেখে সে কথাটি আর বলেননি। মানুষের জন্যই তো সে কাজ করছে। বিপর্যস্ত মানুষগুলোকে এভাবে ফেলে আসা ঠিক হবে না। আজ আবার কথা হয়েছে (সোমবার ১৭ জানুয়ারি সাক্ষাত্কার গ্রহণের দিন)। পানি, বিদ্যুত্ ও গ্যাস না থাকায় কিছুই করতে পারছেন না। তাঁবুতে রাত কাটাচ্ছেন। যিনি বাইরে থেকে ফিরে কাপড় না বদলিয়ে খেতে পারতেন না, তিনি গোসল ছাড়াই একই কাপড় পরে দিনের পর দিন কীভাবে যে কাটাচ্ছেন? সে কথাই ভাবছেন সোমা।ছোট্ট সুপ্রিত বাবার ফোন পেয়েই জিজ্ঞাসা করেছিল, বাবা ব্যথা পেয়েছে কি না। ভূমিকম্পের আতঙ্ক জেঁকে ধরেছে সোমাকে। রাতে ঘুমোতে পারেন না। তবে শান্তি এটুকুই, বিদেশের মাটিতে প্রিয় মানুষটি সুস্থ তো আছেন।প্রথম ফোনটি তাঁরই করা মিরপুরের মণিপুর এলাকা। অনেক অলিগলি পেরিয়ে পাওয়া গেল ঠিকানা। আটপৌরে সংসার। স্বামী হাইতিতে। দুটি বাচ্চা নিয়ে থাকেন গৃহকর্ত্রী। সঙ্গে তাঁর বৃদ্ধা মা। প্রতিবেদকের সঙ্গে দেখা হওয়ার পর এই বৃদ্ধার আকুতি—দোয়া করো যেন আমার মেয়ে জামাই সুস্থ থাকে। এত দূরে, টেলিভিশনে ছবি দেখি আর ভয় পাই। মাত্র দুই মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে হাইতি গিয়েছেন গৃহকর্তা সার্জেন্ট (ট্রাফিক) মো. মোবিয়ান মিয়া। পোর্ট অব প্রিন্সে অন্যদের সঙ্গে তিনিও কর্মরত ছিলেন। ভূমিকম্পের সময় সৌভাগ্যবশত তিনি রাস্তায় ছিলেন। জানান তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস। হাইতি থেকে ভূমিকম্পের পরে বাংলাদেশি পুলিশ সদস্যদের মধ্যে তিনিই প্রথম ফোন করেন। তাঁর মাধ্যমেই সবার ভালো থাকার খবরটি জানা যায়। সকাল সাড়ে ১০টার দিকে ফোনটি আসে। আশ্বস্ত করেন, কারও কোনো অসুবিধা হয়নি। সে কারণেই জান্নাতুল ফেরদৌসের দুশ্চিন্তার প্রহর দীর্ঘ হয়নি। ছোট্ট স্নেহা ও তামান্না এসব কিছুই বুঝতে পারছে না। বাবার সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাওয়ায় তামান্না ‘হ্যাঁ’সূচক মাথা নাড়ে। স্বামীর জন্য পুরোপুরি উত্কণ্ঠা কাটেনি মোবিয়ান মিয়ার স্ত্রীর। পুলিশ কর্মকর্তারা ছন্নছাড়া জীবন কাটাচ্ছেন। এমন দুর্যোগে অভ্যস্ত নন তাঁরা। তবুও ভূমিকম্পদুর্গত মানুষকে সাহায্যের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন কাজ কজন মানুষই বা করতে পারেন। এটাই তো গৌরব।