হয় ব্যবসা, না হয় চাঁদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ ছাত্রলীগ, যুবলীগ আবার কেউ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক আদর্শ নিয়ে তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে। তবে ব্যবসা আর চাঁদাবাজিতে তাঁদের মধ্যে রয়েছে সখ্য। দাবিমতো ব্যবসা না দেওয়ায় তাঁরা মিলেমিশে নির্মাণাধীন একটি কনটেইনার ডিপোর মালিক থেকে চাঁদা দাবি করছেন বলে অভিযোগ উঠেছে। চাঁদাবাজি ও নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও যুবদলের নেতাদের বিরুদ্ধে ৮ মার্চ মামলাও হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ঘটেছে এ ঘটনা।জানা গেছে, বাংলাদেশ ও হল্যান্ডের যৌথ বিনিয়োগে নির্মাণাধীন বি এম কনটেইনার ডিপোর সহকারী প্রকৌশলী মো. মাসুদুর রহমান ছাত্রলীগ, যুবলীগ ও যুবদলের নেতাদের আসামি করে মামলাটি করেন। আসামিরা হলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির আহমদ, কেশবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এজাহার মিয়া, সদস্য মোহাম্মদ সেলিম ওরফে ছুট্টু, যুবলীগের সদস্য মহিউদ্দিন, মো. মুসা, আলাউদ্দিন, জাহাঙ্গীর ও আবু সৈয়দ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। তবে এখনো কোনো আসামি গ্রেপ্তার হননি।মামলায় অভিযোগ করা হয়, বি এম কনটেইনার ডিপো লিমিটেডের নির্মাণকাজ শুরুর পর থেকে আসামিরা বিভিন্ন কাজের জন্য চাঁদা দাবি ও হুমকি দিচ্ছেন। ফলে ডিপোর নির্মাণকাজ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। মামলা দায়েরের দিন দুপুরে সিমেন্ট ও অন্যান্য মালামাল বোঝাই একটি ট্রাক ডিপোয় ঢোকার সময়ও বাধা দেন আসামিরা।সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ‘আগেও আসামিরা কনটেইনার ডিপো নির্মাণকারীদের সঙ্গে ঝামেলা করেছিল। তখন আমি ও স্থানীয় সাংসদ মিলে মীমাংসা করি। আবারও কেন তাঁরা এ কাজ করছেন, বুঝতে পারছি না।’ ছাত্রলীগের নেতা মনির বলেন, ‘বি এম কনটেইনার ডিপোর সঙ্গে আমরা আট কোটি টাকার ব্যবসা করেছি। তারা এখন আমাদের আর ব্যবসা দিতে চায় না। তাই কৌশল হিসেবে চাঁদা দাবি করেছি। আমাদের দল ক্ষমতায়। এখন যদি আমরা ব্যবসা না পাই, তাহলে কবে পাব? আমাদের হয় চাঁদা, নইলে ব্যবসা দিতে হবে।’ মনির বলেন, ‘মালিকপক্ষ বাঁশখালী থেকে সীতাকুণ্ড এসে কনটেইনার ডিপো করবে, আর আমাদের ব্যবসা দেবে না, তা কী করে হয়?’ বিএনপির নেতা-কর্মীদের নিয়ে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের সিন্ডিকেটে ওই দলের নেতা-কর্মীও আছেন, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি।’ যুবদলের নেতা এজাহার মিয়া বলেন, ‘আমরা ব্যবসায়ী। চাঁদা দাবি করতে চাইনি। কনটেইনারের মালিকেরা ব্যবসা দিচ্ছেন না। তাই বলেছি, ব্যবসা না দিলে চাঁদা দিতে হবে।’ তিনি বলেন, ‘২৪-২৫ একর জায়গায় কনটেইনার ডিপো হচ্ছে। আমরা চাইলে সেখানে তাঁরা কোনো মালামাল রাখতে পারবেন না। সব চুরি হয়ে যাবে।’কেশবপুর ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সেলিম বলেন, ‘আমরা দু-চার পয়সা বেশি দাম চাইতেই পারি। এ জন্য আমরা তো তাঁদের নিরাপত্তাও দিচ্ছি। অন্য চাঁদাবাজেরা এখানে ঘেঁষতে পারে না।’ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ছয় মাস আগে কদমরসুল এলাকায় কাশেম জুট মিলের পাশে প্রায় ২৪ একর জায়গায় বি এম কনটেইনার নামে বেসরকারি অভ্যন্তরীণ পণ্যাগারের (আইসিডি) নির্মাণকাজ শুরু হয়। তখন ছাত্রলীগের নেতা মনির ও যুবদলের নেতা সেলিমের নেতৃত্বে একদল যুবক ডিপোতে ইট ও বালু সরবরাহের কাজ দাবি করে। তখন ডিপোর মালিক দুটি সিন্ডিকেটকে ইট-বালু সরবরাহের কাজ দেন। কিন্তু বাজারের চেয়ে স্থানীয় সিন্ডিকেটের সরবরাহ করা ইট-বালুর দাম বেশি। এ নিয়ে দুই পক্ষে ঝামেলা হয়। পরে মালিকপক্ষ সব কিছু নিজেদের তত্ত্বাবধানে করার চেষ্টা করে। এতে স্থানীয় দুই সিন্ডিকেটের সদস্যরা বাধা দেন। ১০-১২ দিন ধরে নির্মাণকাজ বন্ধ হয়ে আছে।বি এম কনটেইনারের পরিচালক মুজিবুর রহমান অভিযোগ করেন, ‘বাজারমূল্যের চেয়ে অনেক বেশি দামে তারা আমাদের ইট-বালু সরবরাহ করে। স্থানীয় লোকজন কিছু ব্যবসা করুক—এ চিন্তা থেকে তা মেনে নিই। এখন স্থাপনা নির্মাণের কাজ শুরু হলে তারা আমাদের বাধা দিচ্ছে। আমাদের স্কেবেটার, পেলোডারসহ বিভিন্ন যন্ত্রপাতি ঢুকতে দিচ্ছে না। তাদের বাধার কারণে সিমেন্ট ও লোহার ট্রাক ঢোকাতে পারছি না। তাদের দাবি, এসব তারা সরবরাহ করবে, নইলে লাভের টাকা তাদের দিয়ে দিতে হবে। তাদের বাধার কারণে প্রায় শত কোটি টাকার বিনিয়োগ বন্ধ হয়ে আছে। তাই বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।’