হয় সুষ্ঠু নির্বাচন, নয় ভোটকেন্দ্র বন্ধ: রিটার্নিং কর্মকর্তা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুত্ফর রহমান বলেছেন, ‘সেনাবাহিনী ছাড়াই আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। হয় সুষ্ঠু নির্বাচন, নয় ভোটকেন্দ্র বন্ধ—এ দুটির বাইরে আর কিছু আমরা ভাবছি না।’নির্বাচনে সেনা মোতায়েনের কথা থাকলেও তা না হওয়ায় নগরবাসীর মধ্যে সৃষ্ট আতঙ্কের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন। নির্বাচন কমিশন বলছে, তারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।আজ শনিবার সকাল ১০টার দিকে চাষাঢ়ার জিয়া হলে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে সেখানে নির্বাচনের প্রস্তুতি চলছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। সেই সঙ্গে রয়েছে র্যাব-পুলিশের কড়া নিরাপত্তা প্রহরা। শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চলাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।এদিকে সেনা মোতায়েন না করায় বিএনপির নেতা-কর্মীরা এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রথম আলো অনলাইনকে বলেন, ‘বিভিন্ন স্থান থেকে আমাদের নেতা-কর্মীরা আসছেন। তাঁরা উদ্বেগের কথা বলছেন। বিকেল তিনটায় আমাদের অবস্থান জানাব।’শহরের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, মাত্র এক দিন আগে যেখানে নির্বাচনী মাঠে উচ্ছ্বাস ছিল, সেখানে আজ শহর জুড়ে দেখা গেছে গুমোট ভাব। সাধারণ মানুষের চোখে-মুখে দেখা গেছে আতঙ্কের ছাপ।