জাতীয় প্রেসক্লাবের সামনে গত রোববার দুপুরে সিএনজিচালিত অটোরিকশাচালককে ভাড়া দেওয়ার পর রাগে গজগজ করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী রিয়াজুল ইসলাম। কারণ জানতে চাইলে তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘সায়েন্স ল্যাবরেটরি থেকে এসে ৯০ টাকা ভাড়া দিতে হলো। অথচ ভাড়া খুব বেশি হলে ২০ টাকা। এ দেশে কোনো নিয়ম নেই। চার গুণের বেশি ভাড়া দিয়েও তাঁকে আনতে হয়েছে অনেক অনুরোধ করে।’বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সরবরাহ করা বিভিন্ন পথের দূরত্বের তালিকায় দেখা গেছে, সায়েন্স ল্যাবরেটরি থেকে প্রেসক্লাবের দূরত্ব ৩ দশমিক ১ কিলোমিটার। বর্তমানে সিএনজি অটোরিকশায় স্থাপিত মিটার অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের ভাড়া ১৪ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটার ছয় টাকা এবং প্রতি মিনিট ওয়েটিংয়ের জন্য এক টাকা ভাড়া নির্ধারিত রয়েছে। কিন্তু রাজধানীতে চলাচল করা সব অটোরিকশায় মিটার থাকলেও এগুলো এখন আর মিটারে চলে না। চলে চুক্তিতে। প্রকৃত ভাড়ার চেয়ে যা দ্বিগুণ, তিন গুণ বা কখনো কখনো চার গুণ। অথচ এই অটোরিকশা চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত দুবার ২০০৭ ও ২০০৮ সালে ভাড়া বাড়ানো হয়েছে।এ ছাড়া নীতিমালায় যেকোনো গন্তব্যে যাত্রীবহনের বাধ্যবাধকতা থাকলেও অটোরিকশাচালকেরা স্বল্প দূরত্বে যেতে চান না। ফলে এসব অটোরিকশা এখন পরিণত হয়েছে যাত্রীদের হয়রানি ও ভোগান্তির যানে।পরিবেশের কথা মাথায় রেখে সরকার ২০০১ সালে ঢাকা মহানগরে সিএনজিচালিত অটোরিকশা চালু করে। বর্তমানে চলছে প্রায় ১৩ হাজার অটোরিকশা। এর মধ্যে প্রায় চার হাজারটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। অটোরিকশার চালক-মালিকেরা নীতিমালা, নিয়ম না মানলেও তাঁরা এখন চাপ দিচ্ছেন অটোরিকশার মেয়াদ ও ভাড়া বাড়ানোর। বর্তমানে প্রতিটি অটোরিকশার মেয়াদ নয় বছর। মালিকেরা মেয়াদ আরও দুই বছর বাড়ানোর দাবি জানিয়েছেন। এসব দাবির ব্যাপারে বিআরটিএ সাত সদস্যের একটি কমিটি করে দিয়েছে। এ পর্যন্ত এসব অটোরিকশা-সংক্রান্ত যেসব সিদ্ধান্ত হয়েছে, এর সবই চালক-মালিকদের পক্ষে গেছে। তবে এসব যানের যাত্রী হয়রানি ও ভোগান্তি বন্ধে বিআরটিএ ও ট্রাফিক পুলিশের কার্যকর তৎপরতা নেই বললেই চলে।মিটারে চলে না, চালকের ইচ্ছাই চূড়ান্ত: ঢাকায় সিএনজি অটোরিকশায় ভাড়ার জন্য মিটার সংযোজন করা হয় ২০০২ সালে। কিন্তু ওই মিটারের ব্যবহার এখন আর নেই। চালকেরা মিটারে নয়, চুক্তিতে যেতে বাধ্য করছেন যাত্রীদের। ফলে ভাড়াও নিচ্ছেন প্রকৃত ভাড়ার চেয়ে অনেক বেশি। ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রাবাড়ী থেকে কলেজ গেট, কল্যাণপুরের ভাড়া ১৫০ থেকে ১৮০ টাকা; যাত্রাবাড়ী থেকে কারওয়ান বাজারের ভাড়া ১২০ টাকা; মতিঝিল থেকে ফার্মগেট ১০০ টাকা; মতিঝিল বা গুলিস্তান থেকে গুলশান বা মিরপুরের ভাড়া ১৫০ থেকে ২০০ টাকা আদায় করা হচ্ছে। অথচ দূরত্ব অনুযায়ী ও যানজট মিলিয়ে এসব এলাকার ভাড়া হওয়ার কথা বেশি হলে এর অর্ধেকেরও কম। তবে যাত্রী তোলার সময় চালক জানিয়ে দেন, পুলিশ ধরলে বলতে হবে মিটারে যাচ্ছেন। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অটোরিকশাচালক ফোরকান মিয়া বলেন, ‘১০০ টাকার নিচে কোনো খ্যাপ নাই। যে রাগ কইরা উঠবে না তারই লস। অন্যরা ঠিকই উঠবে। সিএনজির খ্যাপ জঙ্গলে গেলেও পাওয়া যায়।’এ ছাড়া নগরের সর্বত্র যাত্রীবহনের বাধ্যবাধকতা চালকেরা মানেন না। তাঁরা চলেন নিজের পছন্দে। কাছাকাছি দূরত্বে তাঁরা যেতে চান না। সিএনজি অটোরিকশাচালকদের সম্পর্কে এ অভিযোগ সবার। বিভিন্ন হাসপাতাল, কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে অটোরিকশা পেতে মানুষকে হয়রানিতে পড়তে হচ্ছে। এসব স্থানে সার্বক্ষণিক ১০-১৫টি অটোরিকশা থাকলেও যাত্রীদের ইচ্ছানুযায়ী চালকেরা যেতে চান না। অনুনয়-বিনয়, পীড়াপীড়ি করে এবং ভাড়া আরও বেশি দেওয়ার শর্তে চালকেরা যেতে রাজি হন। রোববার দিনাজপুর থেকে ট্রেনে কমলাপুর স্টেশনে নেমে পরিবারসহ আজিমপুর যেতে বিপদে পড়েন শাহনেওয়াজ। স্টেশনের বাইরে থাকা ১০-১২টি অটোরিকশার কোনোটির চালকই আজিমপুর যেতে রাজি নন। ওই পথে বাসচলাচল নেই। পরে তিনি বাধ্য হয়ে রিকশায় করে গন্তব্যে যান। রাজধানীর প্রায় প্রতিটি স্থানে অটোরিকশা পেতে মানুষের হয়রানির এই চিত্র প্রতিদিনের।সিএনজি অটোরিকশার রুট পারমিটের শর্তে বলা আছে, ‘চালক স্বল্প দূরত্বসহ সরকার-নির্ধারিত এলাকার মধ্যে যেকোনো দূরত্বে যেতে বাধ্য থাকবে বা কোনো অস্বীকৃতি জানাতে পারবে না।’ অটোরিকশার জন্য প্রণীত নীতিমালার ‘গ’ অনুচ্ছেদে বলা আছে, ‘বিকল/নষ্ট মিটারসংবলিত সিএনজিতে ভাড়া/যাত্রী পরিবহন করা যাবে না। এ ধরনের মিটারে যাত্রী পরিবহন করা হলে বা মিটারে কারসাজি (টেম্পারিং) পাওয়া গেলে চালকের লাইসেন্স ও মালিকের রুট পারমিট বাতিল করা হবে।’ এ আইন লঙ্ঘন অহরহ হলেও লাইসেন্স বা রুট পারমিট বাতিলের নজির নেই। মালিকেরা বাড়িয়েছেন জমা: মিটারে না যাওয়া ও বেশি ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে অনেক অটোরিকশাচালক জানান, অটোরিকশা মালিকেরা জমার টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এ জন্য মিটারে গেলে তাঁদের পোষায় না। জানা গেছে, শুরুতে একটি অটোরিকশার দৈনিক জমার পরিমাণ সরকার নির্ধারণ করে দিয়েছিল ৩০০ টাকা। পরে মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে তা বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়। কিন্তু মালিকেরা ওই হারের চেয়ে বেশি টাকা জমা নিচ্ছেন।রাজধানীতে সিএনজি অটোরিকশার গ্যারেজ বেশি যাত্রাবাড়ী, শনির আখড়া, কাজলা, খিলগাঁও, গোড়ান, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায়। চালক এবং গ্যারেজের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ঢাকায় অটোরিকশার দৈনিক জমা ৭০০ থেকে ৮০০ টাকা। অনেক মালিক দুই পালায় দুজন চালককে অটোরিকশা ভাড়া দেন। প্রতি পালার চালকের কাছ থেকে ভাড়া নেওয়া হয় ৪৫০ টাকা করে।ঢাকা সিটি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল করিম প্রথম আলোকে বলেন, সরকার-নির্ধারিত জমা নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। কয়েক দিন তাঁরা সরকার-নির্ধারিত হারে জমা নিয়েছিলেন। কিন্তু চালকেরা তো মিটারের ভিত্তিতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়নি। তাই তাঁরাও জমা বাড়িয়েছেন।নতুন সিএনজি অটোরিকশা নামানোর সিদ্ধান্ত ঝুলে আছে: ঢাকায় প্রতিদিন গড়ে ১০০ ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) নিবন্ধন নিচ্ছে। কয়েক বছর বন্ধ থাকার পর মিনিবাস ও হিউম্যান হলার চলাচলেরও অনুমোদন দেওয়া হয়েছে গত বছর। কিন্তু সিএনজি অটোরিকশার নিবন্ধন বন্ধ রয়েছে ২০০৪ সাল থেকে। বিগত তত্ত্বাবধায়ক সরকার ঢাকায় নতুন পাঁচ হাজার সিএনজি অটোরিকশা নামানোর উদ্যোগ নিয়েছিল। কিন্তু অটোরিকশার মালিকদের করা মামলার কারণে তা ঝুলে আছে। জানা গেছে, যোগাযোগ মন্ত্রণালয় ২০০৩ সালে যানজটের কথা চিন্তা করে ছোট বাণিজ্যিক যান অর্থাৎ মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলারের চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। বর্তমান সরকার মিনিবাস ও হিউম্যান হলারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কিন্তু সিএনজি অটোরিকশার নিবন্ধন বন্ধ রয়েছে।বিআরটিএ ও ট্রাফিক পুলিশ জানায়, চাহিদার তুলনায় অটোরিকশা কম থাকায় এর সুযোগ নিচ্ছেন মালিক-চালকেরা। জানা গেছে, রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের জন্য ২০০১ সাল থেকে দুই স্ট্রোকবিশিষ্ট ৩৫ হাজার বেবিট্যাক্সি তুলে দেওয়া হয়। এর পরিবর্তে সিএনজি অটোরিকশা নামানো হয় ১৩ হাজার।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, সরকার সিএনজিচালিত অটোরিকশা তুলে দেওয়ার চিন্তা করছে। তবে বিকল্প হিসেবে টেক্সিক্যাব সার্ভিস উন্নত করা হবে। দেশি-বিদেশি বড় কোম্পানির সঙ্গে আলাপ চলছে কীভাবে টেক্সিক্যাব পর্যাপ্ত পরিমাণে নামানো যায়।