হয়রানি রোধে নামজারিতে নতুন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামিদুল হক। নতুন ব্যবসায়ী। বহু শখ আর সাধনায় একটা প্লট কিনলেন—চট্টগ্রাম চান্দগাঁও আবাসিকের বি-ব্লকে। আক্ষরিক হস্তান্তর হলেই তো আর প্লট হস্তান্তর হয় না, তার আইনগত হস্তান্তরও যে চাই। সে হস্তান্তরের অংশ হিসেবে তিনি গেলেন স্থানীয় ভূমি অফিসে নামজারি করতে। মূল দলিল, বিএস খতিয়ান, দাখিলার কপিসহ আবেদনপত্রটা কেরানির হাতে দিয়ে তাঁর পকেটে ঢুকিয়ে দিলেন হাজারখানেক টাকা। নিয়ম করে প্রতি সপ্তাহেই যান বেচারা ভূমি অফিসে, তাঁর নামজারির বিষয়টি কত দূর, কী জানতে। উত্তরে কখনো আসে, আবেদনটা সহকারী কমিশনারের (ভূমি) টেবিলে। কখনো তহসিলদারের টেবিলে, কখনো বা কানুনগো...। তহসিলদারের প্রতিবেদন, কানুনগোর নিরীক্ষণ, মিস কেস, ক্রেতা-বিক্রেতাকে নোটিশ প্রদান প্রভৃতি স্তর পেরোতে হামিদ সাহেবের ফাইলের বয়স হয়ে যায় তিন-চার মাস। ফাইলগুলো আবার নিজে নিজে নড়ে না। চাকা লাগে। টাকা ফেললেই গজায় ফাইলের চাকা। ফাইলের নিচে চাকা লাগানোর কাজ করতে গিয়ে হামিদ সাহেবের পকেট থেকে ইতিমধ্যে খোয়া গেছে হাজার দশেক টাকা। ভূমি অফিসে গেছেন কমপক্ষে ১৫-২০ বার। তার পরও খতিয়ানে এখনো দেখতে পেলেন না নিজের নাম।‘পৌরসভার বিদ্যুৎ অফিসের পাশে এক লোকের কাছ থেকে আধকানি জমি কিনেছিলাম। নামজারি করতে যথানিয়মে শুরু হলো ভূমি অফিসে দৌড়াদৌড়ি। হাজার হাজার ফাইল। আর নামমাত্র অফিসার। তন্মধ্যে মাঝখানে দুজনের আবার বদলিও হয়েছে। নতুন অফিসার এসেছেন অনেক দিন পর। ভূমি অফিসে আসি-যাই, কাজের কাজ কিছুই হয় না। অফিসারদের সঙ্গে কথাও বলা যায় না। এত ব্যস্ততা, এত কাজের চাপ তাঁদের! টাকা-পয়সাও দিয়েছি। তার পরও কাজ এগোয় না। তিন মাসে তিন জোড়া স্যান্ডেলের তলা খুয়ে জানতে পারলাম, আমার কেনা জমিটি ইতিমধ্যে ভুয়া দলিলে অন্যজনের নামে খতিয়ানভুক্ত হয়ে গেছে। সেই নাম কেটে, নিজের নাম তুলতে আমার প্রায় বছর লেগে যায়।’ নামজারি করতে গিয়ে এমনতর ভোগান্তির কথা জানালেন কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা শাহাদাৎ হোসেন।উত্তরাধিকার, বিক্রয় বা অন্য কোনো কারণে স্থাবর সম্পত্তির মালিকানার পরিবর্তন হলে ওই সম্পত্তি নতুন মালিকের নামে রেকর্ড করার নাম হলো নামজারি। রেকর্ডকরণের এ ছোট কাজটি সারতে গিয়ে কতটা দুর্ভোগ ও যন্ত্রণা যে পোহাতে হয়, ওপরের দুটি ঘটনাই তার উজ্জ্বল দৃষ্টান্ত।নামজারির চলমান ভোগান্তি ও হয়রানি হ্রাসে ৫ এপ্রিল ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। সেই পরিপত্রে নামজারিতে বেশ কিছু নতুন নিয়ম অনুসরণের কথা বলা হয়। নিয়মগুলো নিম্নরূপ:১. নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় নামজারিতে সম্প্রতি একটি নতুন আবেদন ফরম প্রকাশ করেছে।২. আবেদনপত্রে ভূমির মালিকের ছবি কিংবা প্রতিনিধির মাধ্যমে আবেদন করলে প্রতিনিধির পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে।৩. আবেদনপত্রের সঙ্গে জমির খতিয়ান, মূল দলিল, বায়া দলিল, প্রযোজ্য ক্ষেত্রে আদালতের রায়, আদেশ ও বিক্রি প্রভৃতির সার্টিফায়েড বা ফটোকপি পেশ করতে হবে। তা ছাড়া ভূমি উন্নয়ন করের দাখিলা (প্রযোজ্য ক্ষেত্রে), প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশ সনদপত্র (অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত), তফসিলে বর্ণিত চৌহদ্দিসহ কলমি নকশা সংযুক্ত করতে হবে।৪. মহানগরের ক্ষেত্রে ৬০ দিন এবং অন্যান্য ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে নামজারির কাজ সম্পন্ন করতে হবে। আবেদন মঞ্জুর না হলে কারণসহ তা আবেদনকারীকে জানাতে হবে।৫. এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আবেদনকারী সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাঁর কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানাতে পারবেন।৬. নামজারির আবেদনসমূহ গ্রহণের পরপরই একটি সুনির্দিষ্ট রেজিস্টারে যথাযথ ক্রমে লিপিবদ্ধ করতে হবে। কোনোভাবেই এ ক্রমের ব্যত্যয় ঘটানো যাবে না।৭. নামজারির ফি হিসেবে সর্বোচ্চ ২৫০/- (দুই শ পঞ্চাশ) টাকা আদায় করা যাবে। তবে বিবাদীর সংখ্যা চারের অধিক হলে প্রতিজনের নোটিশ জারির জন্য আরও ০.৫০ টাকা হিসেবে আদায় করা হবে।৮. সব মহানগরের পেন্ডিং নামজারির মোকদ্দমাসমূহ জরুরি ভিত্তিতে একটি ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে নিষ্পত্তির জন্য সব বিভাগীয় কমিশনার ব্যবস্থা গ্রহণ করবেন। বিচারাধীন মামলা বছর এবং মামলার ক্রমানুযায়ী নিষ্পত্তি করতে হবে।৯. নামজারি মোকদ্দমার ক্ষেত্রে প্রাপ্ত আবেদনের সংখ্যা, নিষ্পত্তির সংখ্যা ইত্যাদি বিষয় উল্লেখপূর্বক সহকারী কমিশনার (ভূমি) সাপ্তাহিক ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসিক ভিত্তিতে জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসক মাসিক ভিত্তিতে বিভাগীয় কমিশনারের কাছে এবং বিভাগীয় কমিশনার ত্রৈমাসিক ভিত্তিতে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবেন।১০. নামজারি সম্পন্ন হওয়ার পর অবশ্যই রেকর্ড সংশোধন করতে হবে। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের রেকর্ড, সহকারী কমিশনার (ভূমি) সংশোধন করবেন। ইউনিয়ন ভূমি অফিসের রেকর্ডসমূহ কানুনগো সংশোধন করবেন। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর পরিদর্শনের সময় বিষয়টি নিশ্চিত করবেন।১১. পরিপত্রের নির্দেশানুযায়ী নামজারি কার্যক্রম সম্পাদন করা হচ্ছে কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মনিটর করবেন এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট সময় পরপর প্রতিবেদন দাখিল করবেন।১২. নামজারির ক্ষেত্রে কোনো দুর্নীতি কিংবা শৈথিল্য দেখা দিলে বিধি মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।১৩. সরকারি সম্পত্তি না হলে সর্বশেষ জরিপে প্রস্তুতকৃত রেকর্ডের ভিত্তিতে নামজারি সম্পন্ন করতে হবে। [উল্লেখ্য, পরিপত্রের উপরোক্ত নিয়মাবলি জমাভাগ, জমা একত্রীকরণের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য]নামজারির এ নতুন নিয়ম সম্বন্ধে ঢাকার সাবেক সেটেলমেন্ট কর্মকর্তা বালিজুর রহমান বলেন, ‘নামজারিতে ভোগান্তির পেছনে যে বিষয়গুলো বেশি দায়ী, তা নিম্নরূপ:১. বিচিত্র দলিলপত্রের সরবরাহ—এই দলিল, সেই দলিল; কত রকম দলিল যে এ কাজে লাগত, তার কোনো তালিকা আগে ছিল না। এখন এ ভোগান্তিটা হয়তো অনেকটা লাঘব হবে। কারণ, নামজারিতে কী কী লাগবে, তার একটা তালিকা এখন নতুন আবেদনপত্রে দিয়ে দেওয়া আছে।২. ভূমি হস্তান্তরের দলিলগুলো এখন একটা সুনির্দিষ্ট কাঠামোতে লিখতে হয়। সব তথ্য সব সময় পাওয়া যায় না। এটাও জনগণের জন্য সীমাহীন ভোগান্তি। তবে আমি মনে করি, নামজারির ক্ষেত্রে কয়েকটি জিনিস খেয়াল করলে হয়। যেমন: বিক্রয়মূল্যে হস্তান্তর হলে সম্পত্তিতে বিক্রেতার মালিকানা বৈধ ও সঠিক কি না এবং হস্তান্তর-প্রক্রিয়াটা যথাযথ ও আইনানুগ প্রক্রিয়ায় হয়েছে কি না, তা যাচাই করলেই হয়। আর ওয়ারিশসূত্রে হস্তান্তর হলে দেখতে হবে মালিকানার ধারাবাহিকতাটা রক্ষা হয়েছে কি না।নামজারির ক্ষেত্রে ভুয়া ও মিথ্যা নামজারিটাও বড় সমস্যা। নতুন আইনে ভূমি মালিকের কিংবা প্রতিনিধির ছবি ব্যবহার এ সমস্যায় বেশ ভালো কাজ দেবে বলে আমার ধারণা।’একই বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবদুল কাদের মিয়া বলেন, ‘নিয়মকানুন পরিবর্তন হলেই কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। সে জন্য সর্বাগ্রে চাই সদিচ্ছা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা। প্রত্যেকে যদি জনগণের কথা মাথায় রেখে নিজের কাজটি করেন, তাহলে এসব হয়রানি অনেকটা কমে যায়। তার পরও কিছু পরিস্থিতি আছে, যেখানে ভোগান্তি হতে বাধ্য। যেমন—অফিসে কর্মচারী স্বল্পতা, কর্মচারীদের ঘন ঘন কর্মস্থল বদলি ইত্যাদি। তা ছাড়া এসব নিয়ম-কানুন সম্বন্ধে জনসাধারণের অজ্ঞতাও এ সমস্যার অন্যতম একটি কারণ। তার পরও নতুন নিয়ম, নামজারিতে মানুষের হয়রানি রোধ, দালাল-ফড়িয়াদের দৌরাত্ম্য দূর এবং ভূমি অফিসের কর্মকর্তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে বড় একটা ভূমিকা নেবে বলে আমার বিশ্বাস।’ই-মেইল: [email protected]