হয়রানিমূলক বিবেচনায় আরও ৬৮ মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৬৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক মামলা প্রত্যাহার-বিষয়ক কমিটির ২৯তম সভায় এ সুপারিশ করা হয়।সভা শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ৩২০টির মতো মামলা সভায় উপস্থাপন করা হয়। এর মধ্যে ৬৮টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তবে ১৮৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়নি। আর ৬৪টি মামলা পরবর্তী সভায় উপস্থাপনের জন্য বলা হয়েছে। তবে প্রত্যাহারের জন্য সুপারিশকৃত মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগের কোনো বড় নেতা বা ব্যবসায়ী নেই। আইন প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় সাত হাজার ১০০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা মামলা প্রত্যাহারের সুপারিশ করি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেন আদালত।’গত রোববারের সহিংস ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে আইন প্রতিমন্ত্রী বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে বলেন, ‘তারা যত বেপরোয়া আন্দোলনের চেষ্টা করবে, আইন নিজের হাতে তুলে নেবে; সরকারও ততই কঠোর হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।’ সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।