হয়ে উঠুন দাঁতের বিশেষজ্ঞ চিকিৎসক
কেউ একজন আয়েশ করে ঘুমাতে গেছেন। অনেকক্ষণ বিছানায় এপাশ-ওপাশ করছেন, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কোথায় যেন একটা অস্বস্তি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিরতার কারণটা ধরা পড়ে। সেই দিনের বেলার দাঁতের হালকা ব্যথাটা জোরালো হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে। এখন রাতের সঙ্গে পাল্লা দিয়ে ব্যথাও বাড়তে থাকে। তারপর শান্ত রাতটা যেন আর কিছুতেই ফুরোতে চায় না। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে সকাল হয়। দিনের শুরুতেই ব্যথা গায়েব। আবার একটি কর্মব্যস্ত দিন আস্তে-ধীরে শেষ হয়ে যায়। কিন্তু রাতের বেলায় ওই একই ব্যথার পুনরাবৃত্তি ঘটে। চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের সমস্যাকে ‘একিউট পালপাইটিস’ বলে। শুরু হয় চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি। দাঁতের চিকিৎসকদের কাছে এ ধরনের সমস্যা নিয়ে রাতবিরাতেই হাজির হচ্ছেন রোগীরা। একটু সচেতন হলে এই অনাকাঙ্ক্ষিত কষ্টটা কিন্তু এড়ানো যেত। সত্যি কথা বলতে কি, মানুষ এখন নিজেকে নিয়ে অনেক সচেতন। মুখের কিংবা দাঁতের যেকোনো সমস্যাতেই এখন তাঁরা দাঁতের চিকিৎসকদের কাছে পরামর্শের জন্য চলে আসেন। তাই চিকিৎসা বিজ্ঞানের এই শাখাটাও আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। বলছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের চিকিৎসক রুমন বণিক। এই চিকিৎসাবিজ্ঞানের এ শাখাটা পেশা হিসেবে বেশ চাহিদাসম্পন্ন।শুধু দাঁতের চিকিৎসক হওয়া নয়, দাঁতের চিকিৎসার বিশেষবিশেষ ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে পেশাজীবন আরও উজ্জ্বল, আরও সংহত করা সম্ভব।এ পেশায় আসতে হলেডেন্টাল সার্জারিকে পেশা হিসেবে নিতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে তাঁকে বিজ্ঞানের ছাত্র হতে হবে। সে ক্ষেত্রে জীববিজ্ঞান বিষয়টি অবশ্যই থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ ন্যূনতম জিপিএ হতে হবে ৮ এবং উভয় পরীক্ষার কোনোটাতেই জিপিএ ৩.৫-এর নিচে হতে পারবে না। এই নিয়ম সরকারি এবং বেসরকারি ডেন্টাল কলেজগুলোর জন্য একই। সরকারি ডেন্টাল কলেজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বছরে একটি ভর্তি পরীক্ষা হয়ে থাকে। সে ক্ষেত্রে মেধাতালিকার ক্রমানুসারে ছাত্র ভর্তি করানো হয়। বেসরকারি ডেন্টাল কলেজগুলোতেও সম্মিলিতভাবে একটি ভর্তি পরীক্ষা হয়ে থাকে। এটিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অভিন্ন প্রশ্নে এবং উত্তীর্ণ মেধাতালিকার ক্রমানুসারে শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দেওয়া হয়। কোথায় পড়ানো হয়সারা দেশে সরকারিভাবে তিনটি ডেন্টাল কলেজ পরিচালিত হয়। এর মধ্যে ঢাকা ডেন্টাল কলেজটিই স্বয়ংসম্পূর্ণ। চট্টগ্রাম এবং রাজশাহী ডেন্টাল ইউনিট দুটি চট্টগ্রাম এবং রাজশাহী মেডিকেল কলেজের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। চাহিদার কারণে এখন দেশে বেশ কিছু বেসরকারি ডেন্টাল কলেজ গড়ে উঠেছে। তার মধ্যে ঢাকায় ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ, পাইওনিয়া রয়েছে ডেন্টাল কলেজ, বাংলাদেশ ডেন্টাল কলেজ, সিটি ডেন্টাল কলেজ ও সাপ্পোরো ডেন্টাল কলেজ এ ছাড়া ঢাকার বাইরে ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, উদয়ন ডেন্টাল কলেজ, রংপুর ডেন্টাল কলেজ উল্লেখযোগ্য। কত বছর পড়তে হয়বিডিএস অর্থাৎ ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি পড়ার সময়কাল চার বছর। সঙ্গে শিক্ষানবিশি এক বছর। পার্শ্ববর্তী দেশ ভারতে বিডিএসের সময়কাল পাঁচ বছর। আর নেপালে পড়তে চাইলে লাগবে সাড়ে পাঁচ বছর। বাংলাদেশের বিডিএস পর্যায়ের পড়াশোনা আন্তর্জাতিক মানের হওয়ায় প্রতিবছর অসংখ্য বিদেশি ছাত্র এ দেশের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে পড়তে আসে। সরকারিভাবেই প্রতিটি ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা কোটা রাখা হয়েছে। এ দেশের শিক্ষাবর্ষ ভারত ও নেপালের তুলনায় কিছুটা কম হওয়ায় বিদেশি ছাত্রদের মধ্যে এদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। উচ্চতর শিক্ষাডেন্টাল সার্জারির ওপর উচ্চতর শিক্ষা নিতে চাইলে দেশে ও দেশের বাইরের দুই জায়গাতেই যথেষ্ট সুযোগ আছে। ডেন্টালের বিভিন্ন বিষয়ের ওপর চাইলে আপনি পিএইচডি করতে পারেন। পিএইচডি শেষ করতে সময় লাগবে তিন বছর। এফসিপিএসে (ফেলো অব কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন) সময় লাগবে তিন বছর থেকে পাঁচ বছর। দেশে এবং দেশের বাইরে দুই জায়গাতেই এই ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। আমাদের দেশে এফসিপিএস করতে চাইলে যোগাযোগ করতে হবে মহাখালীর বিসিপিএসে। করতে পারেন এমএস (মাস্টার্স অব সার্জারি)। ডেন্টালের বিভিন্ন বিষয়ের ওপর এই এমএস করা যায়। ঢাকা ডেন্টাল কলেজ এবং শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস করতে সময় লাগবে তিন থেকে পাঁচ বছর। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এমএস করার সুযোগ রয়েছে সবচেয়ে বেশি। আছে এমডিএস (মাস্টার্স অব ডেন্টাল সার্জারি)। দেশে এবং দেশের বাইরে এই কোর্সটি শেষ করতে সময় লাগবে তিন বছর। চাইলে এমসিপিএস (মেম্বার অব কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস) করতে পারেন। বাংলাদেশ ও পাকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশে এই কোর্সটি চালু আছে। এ ছাড়া চার বছরের স্নাতক ডিগ্রি ডিডিএস (ডিপ্লোমা ইন ডেন্টাল সার্জারি) করতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটি করতে সময় লাগবে এক বছর। এ ছাড়া এমএসসি (মাস্টার্স অব সায়েন্স), ডেন্টালের বিষয়ে এমএসসি করার সুযোগটা আছে শুধু দেশের বাইরেই। আর বিডিপিএইচ করতে চাইলে যেতে হবে ইংল্যান্ডে। এমপিএইচ (মাস্টার্স অব পাবলিক হেলথ) অবশ্য দেশে এবং দেশের বাইরে দুই জায়গাতেই পড়া যায়। পেশার ক্ষেত্রেপ্রয়োজনের তাগিদে এই পেশার জনপ্রিয়তাও বাড়ছে দিন দিন। উন্নত বিশ্বে বিশেষ করে জার্মানি ও অস্ট্রেলিয়ায় ডেন্টাল সার্জনরা আয় করে থাকেন সবচেয়ে বেশি টাকা। এ দেশেও চাকরির বাজারে ডেন্টাল সার্জনদের রয়েছে যথেষ্ট সুযোগ-সুবিধা। বাংলাদেশ সিভিল সার্ভিসেস (বিসিএস) স্বাস্থ্যের মাধ্যমে সরাসরি চাকরির সুযোগ আছে সরকারি মেডিকেল কলেজ ও বিভিন্ন হেলথ ইনস্টিটিউটে। ডেন্টাল সার্জনরা চাইলে সাধারণ বিসিএস দিয়ে পুলিশ, প্রশাসন, কাস্টমসসহ অন্য যেকোনো পদেও চলে যেতে পারেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে তৈরি হাসপাতালগুলোয় দাঁতের সেবার চাহিদার তুলনায় রোগী বেশি হওয়ায় বাংলাদেশের ডেন্টাল সার্জনদের বড় একটা অংশ ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব চেম্বারে রোগীদের সেবা দিয়ে থাকেন। তাই বেকারত্বের শঙ্কাটা থাকছে না একেবারেই। এ ছাড়া আর্মি ডেন্টাল সার্ভিসে যাওয়ারও সুযোগ থাকছে। এখানে ডেন্টাল সার্জনদের সরাসরি ক্যাপ্টেন পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। ‘ছোটবেলায় ডেন্টাল সার্জন হব, এমন স্বপ্ন আমার ছিল না। কিন্তু যখন পেশা বেছে নেওয়ার সুযোগ এল, তখন বুঝতে পারলাম ডেন্টাল সার্জারি পেশাটাই হবে সবচেয়ে উপযুক্ত। পৃথিবীর অন্যান্য দেশে ডেন্টাল সার্জারি সবচেয়ে জনপ্রিয় পেশাগুলোর একটি। বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে দিন দিন। এই পেশায় পড়তে পেরে আমি অত্যন্ত সুখী’। বলছিলেন ঢাকা ডেন্টাল কলেজের শেষ বর্ষের ছাত্র সাঈদ মাসুদ। উন্নত পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুখ ও দাঁতের সমস্যা। এখন পর্যন্ত মুখের প্রায় ২৬৩ রকমের রোগ আবিষ্কৃত হয়েছে। সেই সঙ্গে আবিষ্কৃত হয়েছে রোগ সৃষ্টিকারী নতুন নতুন সব অণুজীব। এদের প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানের এই শাখাও আজ যথেষ্ট উন্নত। দেশে এবং দেশের বাইরে এ বিষয়ে পড়ার ব্যাপক সুযোগের পাশাপাশি আছে বিশাল চাকরির বাজার। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই সেবামূলক পেশায় নিজেকে নিয়োজিত করতে পারেন নিশ্চিন্তেই।