হয়ে গেল লেখিকা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে গত ৩১ মার্চ হয়ে গেল বাংলাদেশ লেখিকা সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কবি-সাহিত্যিক যোগ দিতে এসেছিলেন এই প্রতিষ্ঠাবার্ষিকীতে। লেখিকা সংঘের পক্ষ থেকে সাহিত্য পদক প্রদান করা হয় কবি মহাদেব সাহা ও কবি নাসরীন নঈমকে। আর সংবর্ধনা দেওয়া হয় সাহিত্যিক ও সংগঠক রাশেদা খালেক এবং শামসুজ্জাহান নূরকে। সবাইকে সম্মাননা জানাতে সেদিন উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম এবং ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। পুরস্কার পেয়ে নাসরীন নঈম বলেন, ‘একজন লেখক হতে হলে প্রথমে একজন ভালো পাঠক হতে হবে। তাই সেদিকটাতে জোর দিলে আপনাআপনিই নিজের ক্ষমতা প্রকাশ পেয়ে যাবে।’ কবি মহাদেব সাহা বলেন, ‘কোনো লেখক পুরস্কারের জন্য লেখে না, কিন্তু পুরস্কার কবিকে প্রাণিত করে। কবিকে আরও লিখতে উৎসাহিত করে।’‘দেখে তো সবাই। তবে কারও কারও থাকে পর্যবেক্ষণ করার ক্ষমতা এবং যে যত ভালো পর্যবেক্ষণ করতে পারে সে সেটা তত ভালোভাবে প্রকাশও করতে পারে।’ এমনটাই বিশ্বাস রাশেদা খালেকের। এ ছাড়া লেখিকা সংঘ দেশব্যাপী মেয়েদের মধ্যে আয়োজন করে এক প্রবন্ধ প্রতিযোগিতার। সারা দেশ থেকে তিনজনকে এদিন পুরস্কৃত করা হয়।শর্মিলা সিনড্রেলা 