হয়ে গেল ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্প
ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্পের জন্য নির্বাচিত আফিফা চৌধুরী পরীক্ষার জন্য আসতে পারবে না। বিকল্প ছিল রাজশাহীর আদিবা চৌধুরী এবং চট্টগ্রামের বৃষ্টি শিকদার। আদিবার বাসায় ফোন করা হলে আদিবা জানায়, সেও আসতে পারবে না। অন্যদিকে ফোন পেয়ে এক দিনের মধ্যে স্কুল থেকে ছুটির ব্যবস্থা করে উড়ে চলে এল বৃষ্টি শিকদার। আদিবা কিন্তু গল্প থেকে হারিয়ে যায়নি। ‘না’ করে দেওয়ার এক দিন পর ক্যাম্পে আসার জন্য কান্নাকাটি শুরু আদিবার, সঙ্গে তদবির। এর মধ্যে ক্যাম্পের আসন পূর্ণ! ক্যাম্পের প্রথম দিন আদিবার বাবা ঢাকায় গণিত ক্যাম্পে উপস্থিত। গণিতের প্রতি তার এই ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে ‘দুজন মেয়ের রুমে তিনজন থাকবে’ এই ব্যবস্থায় আদিবাও যোগ দিল ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্পে।গণিত অলিম্পিয়াডে যে ১৮ হাজার শিশু-কিশোর-কিশোরী অংশ নিতে আসে, তাদের সবার স্বপ্ন থাকে বাংলাদেশ গণিত ক্যাম্পে অংশ নেওয়ার। সবার আরাধ্য এই গণিত ক্যাম্পের ষষ্ঠ অধ্যায় রচিত হলো গত ২১ থেকে ৩১ মার্চ, ঢাকার মোহাম্মদপুরের দ্য ক্যাথলিক বিশপ কনফারেন্স অব বাংলাদেশে (সিবিসিবি)। জাতীয় গণিত উৎসবের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত মোট ৩৫ জনকে নিয়ে ষষ্ঠ গণিত ক্যাম্প আয়োজিত হলো। সাধারণত ক্যাম্প ১২ থেকে ১৪ দিনের হলেও এ বছর ক্যাম্প হয়েছে নয় দিনের। ক্যাম্পের দৈর্ঘ্য কমলেও অংশগ্রহণকারীদের ওপর চাপের অন্ত ছিল না। প্রতিদিন চারটি করে ক্লাস, সময়মতো পাঁচ বেলা খাবার, নিজেদের কাজ, সব ক্লাস শেষে চার ঘণ্টা করে পাঁচ-পাঁচটি পরীক্ষা! বরাবরের মতো গণিত ক্যাম্পের এবারের ক্লাস ছিল জ্যামিতির তিনটি, নাম্বার থিওরির আটটি ও কম্বিনেটরিক্সের আটটি। সামিন রিয়াসাত, আবিরুল ইসলাম ও সুব্রত দেবনাথের পরিকল্পনায় প্রশিক্ষকের দায়িত্ব পালনে করেছেন বিগত দিনের ক্যাম্পার ও একাডেমিক দলের সদস্য সামিন রিয়াসাত, আবদুল্লাহ কায়সার, নওরীন হাসান, ফরসাদ আল হোসেন, সাকিব সাফায়েত, আবিরুল ইসলাম, রাচি রিফাত কায়সার, সিদ্দিকুর রহমান ও সৌমিত্র চক্রবর্তী। ক্যাম্পের ডিজাইনার সুব্রত দেবনাথ জানান, এ বছরের গণিত ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল ২০১১, ২০১২ ও ২০১৩ সালের জন্য বাংলাদেশ গণিত দল তৈরি করা। এ কারণে গণিতের জটিল বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেখা জিনিসগুলো যেন শিক্ষার্থীরা সমস্যা সমাধানে ভালোভাবে ব্যবহার করতে পারে, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়। এবারের পরীক্ষাগুলো ছিল তুলনামূলক অনেক সহজ। তবে জ্যামিতির বিষয়টা ছিল একটু ভিন্ন। এ বছর গণিত অলিম্পিয়াড শুরুর আগেই বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি জ্যামিতি ক্যাম্পের আয়োজন করে। এবার গণিত ক্যাম্পে জ্যামিতির ক্লাসগুলো ছিল ভিন্ন ধরনের। ত্রিকোণমিতি, সমরেখ, সমবিন্দু, প্রক্ষেপণ, বিন্দুসূচক ইত্যাদি বিষয়নির্ভর, আর জ্যামিতির দুটি পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যা সমাধানে উৎসাহিত করা হয়।বরাবরের মতো হইহুল্লোড় তো ছিলই। ক্যাম্পে নিয়মিত ক্লাসের পাশাপাশি ছিল মাহমুদুল হাসান সোহাগ (পদার্থবিজ্ঞান), দীপেশ দাস (কালীদাস এবং মেঘনাদবধ কাব্য), অভীক রায় (অসংজ্ঞায়িত) এবং তামিম শাহরিয়ার সুবিনের (কবিতা এবং কম্বিনেটরিক্স) চারটি অতিথি ক্লাস। ক্যাম্পের সমাপনী হয় ৩০ মার্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিতবিদ খোদাদাদ খান, অধ্যাপক এ কে এম লুত্ফুজ্জামান, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও অধ্যাপক আবদুল হাকিম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও এবং সিবিসিবি পরিচালক ফাদার সুব্রত গোমেজ। অধ্যাপক খোদাদাদ খান অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে গণিতের প্রতি ভালোবাসা ও আগ্রহ ধরে রাখতে বলেন। ফাদার সুব্রত বলেন, অংশগ্রহণকারীরা যেন ভবিষ্যৎ জীবনে তাদের এই শৃঙ্খলা মেনে চলে। তিনি সবাইকে দেশের জন্য কাজ করে যেতে অনুরোধ করেন। কোচ মাহবুব মজুমদার গণিত ক্যাম্প আয়োজনে মুভার্সদের (ম্যাথ অলিম্পিয়াড ভলান্টিয়ার্স) ধন্যবাদ জানিয়ে বলেন, গণিত ক্যাম্পে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ছেলেমেয়েরা অংশ নেয়। তাই গণিত ক্যাম্প এত সুন্দর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্যাম্পে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। মুনির হাসান সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন।বিজ্ঞান প্রজন্ম প্রতিবেদক