হয়ে যাক গুগলের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ!!!
শুরু হয়েছে গত বছর থেকে। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের অনলাইন বিজ্ঞান মেলা। আমাদের দেশে যে বিজ্ঞান মেলা হয় তার সঙ্গে গুগলের বিজ্ঞান মেলার বেশ পার্থক্য রয়েছে। প্রথমত, এখানে লড়াইটা হবে সারা পৃথিবীর মধ্যে। তা ছাড়া বিচারকদের সামনে হাজির হয়ে নিজের প্রকল্প ব্যাখ্যা করার সুযোগ এখানে নেই। গুগল বিজ্ঞান মেলার বিস্তারিত এবং প্রস্তুতি নিয়ে বিজ্ঞান প্রজন্মের এই বিশেষ আয়োজন লিখেছেন মুনির হাসান বিশ্বজুড়ে মেলা১৩ থেকে ১৮ বছর বয়সীদের বিজ্ঞান এবং বিশেষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে আগ্রহী ও দক্ষ করে গড়ে তোলার জন্য গত বছর থেকে এ আয়োজন শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল (http://www.google.com)। সারা বিশ্ব থেকে এই বয়সের ছেলেমেয়েরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প জমা দিতে পারবে মেলার জন্য। তবে সরাসরি প্রকল্প নয়, প্রকল্পের বিস্তারিত বর্ণনা-সংবলিত একটি দুই মিনিটের ভিডিওচিত্র অথবা ২০টি স্লাইডের একটি উপস্থাপনা। এ থেকে বিচারকেরা (যাঁদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীও রয়েছেন) দুই ধাপে ১৫টি প্রকল্পকে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত করবেন। ২০১১ সালে প্রায় ১০ হাজারের মতো প্রকল্প জমা পড়েছিল। এ বছর আরও বেশি পড়বে বলে ধারণা। মোট তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৩-১৪, ১৫-১৬ ও ১৭-১৮ বছরের তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় একক বা তিনজনের দল হিসেবে অংশ নেওয়া যাবে। দলের ক্ষেত্রে সবচেয়ে বেশি যার বয়স, তার বয়সের ভিত্তিতে ক্যাটাগরি নির্ধারিত হবে। আমেরিকা, এশিয়া প্যাসিফিক এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্য—এ তিনটি অঞ্চলে প্রতিযোগিতা হবে। প্রথম পর্যায়ে প্রতি অঞ্চল থেকে তিনটি বয়সভিত্তিক দলে ১০টি করে মোট ৯০টি দলকে নির্বাচিত করা হবে আঞ্চলিক ফাইনালিস্ট হিসেবে। এরপর ওই ৯০টি প্রকল্প থেকে নির্বাচিত করা হবে ১৫টি ফাইনালিস্ট। এদের সবাই সুযোগ পাবে জুলাই ২২-২৩ তারিখে গুগলের সদর দপ্তরে বিচারকদের সামনে নিজেদের প্রকল্প তুলে ধরার। সেখান থেকে তিন ক্যাটাগরির তিনটি সেরা প্রকল্প পুরস্কৃত হবে। প্রতিযোগিতার বিষয়মোট আটটি বিষয়ের যেকোনো একটিতে প্রকল্প জমা দেওয়া যাবে। যেসব বিষয়ে প্রকল্প জমা দেওয়া যাবে সেগুলো হলো কম্পিউটার ও গণিত, পৃথিবী এবং পরিবেশ বিজ্ঞান, আচরণ ও সামাজিক বিজ্ঞান, প্রাণী ও উদ্ভিদ, শক্তি ও মহাবিশ্ব, আবিষ্কার ও উদ্ভাবন, পদার্থ, রসায়ন, খাদ্য বিজ্ঞান এবং বিদ্যুৎ ও ইলেকট্রনিকস। প্রকল্প নির্বাচন করার সময় এমন কিছু পছন্দ করা যাবে না, যার জন্য মানুষ বা কোনো জন্তুর ওপর পরীক্ষা চালাতে হয়।প্রতিযোগিতার নিয়মের মধ্যে তাই বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন যেসব তথ্য বা উপাত্ত ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে বা জনগণের মধ্যে বিদ্যমান, সেগুলো ব্যবহার করতে হবে। অবৈধ কোনো ব্যবস্থার মাধ্যমে তথ্যসংগ্রহ করা যাবে না। সুনির্দিষ্ট কোনো নাম বা উল্লেখ তথ্য বা উপাত্ত দেওয়া যাবে না। ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। স্বাস্থ্যের জন্য হানিকর এমন কোনো পরীক্ষা করা যাবে না। প্রাণীর ওপর পরীক্ষা চালালে সেটা এমন পরিবেশে করতে হবে, যেখানে পরিবেশ প্রাণীর আচরণে প্রভাব ফেলবে না। কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা যাবে না। কেবল তা-ই নয়, অন্যের মেধাস্বত্ব ভঙ্গ করে এমন কোনো উপাদানও ব্যবহার করা যাবে না।ভালো প্রকল্পের জন্য যা যা দরকারআমাদের দেশের প্রচলিত বিজ্ঞান মেলার সঙ্গে গুগল মেলার অনেক পার্থক্য রয়েছে। মূল পার্থক্য হলো, এখানে বেশি গুরুত্ব দেওয়া হবে বৈজ্ঞানিক পদ্ধতিকে। অর্থাৎ শুরু হবে একটি প্রশ্ন থেকে। প্রশ্নটি কঠিন হবে এমন নয়, তবে দৈনন্দিন বা সামাজিক বিষয় সম্পর্কিত হলে ভালো হয়। প্রশ্নটি কৌতূহলোদ্দীপক, আকর্ষণীয় হবে। আর এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে বিজ্ঞানীকেই। এ ক্ষেত্রে তাকে প্রচলিত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। শুরুতে নিজের জানা জ্ঞানের ভিত্তিতে একটি প্রকল্প বা হাইপোথিসিস দাঁড় করাতে হবে। তারপর জানতে হবে এই প্রশ্ন বা অনুরূপ প্রশ্ন নিয়ে কে বা কারা কাজ করেছেন। এখানে থাকবে অনেক পড়াশোনা। ইন্টারনেট এবং লাইব্রেরির সহায়তা নিয়ে এ সম্পর্কিত বিভিন্ন কাজের হদিস বের করে নিজের প্রশ্ন এবং হাইপোথিসিসকে যথাযথভাবে সাজিয়ে নিতে হবে। এরপর চিন্তা করতে হবে, কীভাবে এক বা একাধিক পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করা যায়, যার ফলাফল হাইপোথিসিসকে একটি চূড়ান্ত দিকে যেতে সাহায্য করবে। এর পরের কাজ হলো উপাত্ত সংগ্রহ। মনে রাখতে হবে, বিজ্ঞান মানে কিন্তু মেজারমেন্ট, মাপামাপি। ‘আমার ফ্রিজে জিনিস ঠান্ডা হয়’ এটি বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার যথাযথ প্রকাশ নয়। বলতে হবে সেখানকার তাপমাত্রা কত হয়। বিভিন্ন উপাত্ত সংগ্রহ করতে হবে। এ সময় বের করে ফেলতে হবে কোন কোন উপাদান আসলে পরীক্ষাকে প্রভাবিত করে। সেগুলোর মান পরিবর্তন হলে পরীক্ষার ফলাফলে কী পরিবর্তন হয়, সেটা বের করতে হবে। উপাত্ত প্রাপ্তির পর তার বিশ্লেষণ এবং একটি উপসংহারে পৌঁছানো।এটি শুরুর হাইপোথিসিসকে প্রতিষ্ঠিত করবে, এমনটি সব সময় নাও হতে পারে। তাতে কোনো আফসোস নেই। বরং কী কী কারণে সেটি মূল হাইপোথিসিসকে প্রতিষ্ঠিত করল না, সেটি তখন বের করা যাবে। এর ভিত্তিতে আবার নতুন প্রকল্প দাঁড় করানো যাবে। এই ধাপগুলো বর্ণনা করার পর সব রেফারেন্স বা তথ্যসূত্র এবং কাজের ক্ষেত্রে যাদের সহযোগিতা বা সাহায্য নেওয়া হয়েছে, তারও বিস্তারিত উল্লেখ থাকতে হবে। তবে আমাদের মেলার মতো মূল প্রকল্প বা এর মডেলটি জমা দিতে হবে না। জমা দিতে হবে এর বর্ণনা-সংবলিত ভিডিও বা স্লাইড। কাজেই বোঝা যাচ্ছে, গুগলের বিজ্ঞান মেলায় অংশ নিতে হলে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। আমাদের এখনকার বিজ্ঞান মেলার মতো মাত্র দুই-তিন দিনের প্রস্তুতিতে এই মেলায় অংশ নেওয়াটা মোটেই সমীচীন হবে না। প্রকল্পের বিচারওপরের বিষয়বস্তু এবং বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে যারা প্রকল্প জমা দেবে, তাদের প্রজেক্ট মূল্যায়ন করা হবে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে। মূল্যায়ন করার বিভিন্ন বিষয়ের মধ্যে প্রথমে রয়েছে নিজ বা দলের পরিচয়। অংশগ্রহণকারী বা দলের বিজ্ঞানের প্রতি আগ্রহ ও ভালোবাসা থাকতে হবে। তাদের প্রকল্পের বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে। এরপর প্রশ্ন থেকে উপসংহার। সবশেষে রেফারেন্স ও স্বীকৃতি। তবে শুরুতে প্রকল্পের একটি সারসংক্ষেপ থাকতে হবে। প্রথম রাউন্ডে নিচের বিষয়গুলোর ওপর নম্বর দেওয়া হবে সামগ্রিক উপস্থাপনা ৪০নিজ বা দলের সম্পর্কে বর্ণনা ১৫প্রশ্ন ১৫হাইপোথিসিস ১৫উপসংহার ১৫ মোট ১০০এভাবে মূল্যায়িত প্রকল্পগুলোর মধ্যে নির্বাচিত ৯০টি প্রকল্প পরের রাউন্ডে যেতে পারবে। পুরস্কার বিজয়ীদের জন্য থাকবে অঢেল পুরস্কার। যেমন প্রথম যে হবে, তার বা তাদের জন্য থাকছে ৫০ হাজার ডলারের বৃত্তি। এ ছাড়া থাকবে গুগল ক্রোম নোটবুক এবং এক বছর বিনা মূল্যে বিজ্ঞান সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান পড়ার সুযোগ। ফাইনালিস্ট প্রথম ১৫ জন বা দলের জন্য থাকবে গুগল ক্রোম নোটবুকসহ আরও অনেক কিছু। এ ছাড়া তারা পাবে প্রায় এক হাজার ডলার করে অর্থ পুরস্কার। বিজয়ীদের জন্য থাকবে সুইজারল্যান্ডের জেনেভায় বিজ্ঞান গবেষণাগার সার্ন ঘুরে দেখার সুযোগ। তারা দেখতে পাবে ইতিহাসের সেরা পরীক্ষা লার্জ হাড্রন কোলাইডার। তো হয়ে যাক আগামী ১ এপ্রিল পর্যন্ত গুগল মেলার জন্য প্রকল্প জমা দেওয়া যাবে। প্রকল্প জমা দেওয়ার জন্য http://www.google.com/events/sciencefair/ এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে প্রকল্প জমা দিতে হবে। যেহেতু সামনাসামনি নিজের ধারণা ব্যাখ্যা করা যাবে না, সেহেতু অনেক বেশি মনোযোগী হতে হবে উপস্থাপনায়। সেটি ভিডিও হোক বা স্লাইড হোক। আর শুরু করতে হবে অনেক পড়াশোনা করে। ওপরিউল্লিখিত গুগলের ওয়েবসাইটে অনেক তথ্য রয়েছে, নিয়মাবলি রয়েছে। সেগুলো ভালোমতো দেখে নিতে হবে। শুরুতে দু-তিনটি ধারণা নিয়ে কাজ করে একটি ধারণাতে মনোনিবেশ করতে হবে। গত বছরের ১৫ জন ফাইনালিস্টের প্রকল্পগুলো তুমি দেখতে পারো। আরও অন্যান্য প্রকল্পও তুমি দেখতে পারো, যা থেকে সহায়ক ধারণা পাবে। ইন্টারনেট, বই, শিক্ষক এবং ওপরের ক্লাসের শিক্ষার্থীদের সহযোগিতা নিতে হবে। মনে রাখতে হবে, নিজের জানায় যদি কোনো ঘাটতি থাকে, তাহলে তা কিন্তু প্রকাশ হয়ে যাবে তোমার উপস্থাপনায়। কাজেই সেখানে কোনো ফাঁকি দেওয়া যাবে না। তা ছাড়া তোমার ধারণাটি যে একটি বিশাল ধারণা হতে হবে, এমন দিব্যিও তোমাকে দেওয়া হয়নি। কাজেই নিজের ভালো লাগে এমন একটি বিষয় নিয়ে কাজ করো। তোমার ভালো লাগাই তোমাকে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসু হতে সাহায্য করবে। আর একবার যখন তোমার বৈজ্ঞানিক পদ্ধতি ভালো লাগবে, তখনই তুমি এগিয়ে যেতে পারবে বিজ্ঞানের মূল লক্ষ্য—সত্যকে জানার পথে। তোমার জ্ঞানান্বেষণ সফল হোক। গুগল মেলায় আমরা তোমার সাফল্য কামনা করি।