৯৬ রানে অপরাজিত থাকায় সেঞ্চুরি পেলেন না মাহমুদউল্লাহ। এই আক্ষেপটা থেকে যাবে বেশ কিছুদিন। শতরানটি হলো না কেবল সঙ্গীর অভাবে। তবে ঢাকা টেস্টে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা মাহমুদউল্লাহকে অবশ্যই ‘স্যালুট’ জানাবেন তাঁর এ অসামান্য বীরত্বপূর্ণ ইনিংসটির জন্য। তাঁর এই ইনিংস অকূলপাথার থেকে বাংলাদেশকে টেনে তুলে বসিয়েছে সম্মানজনক অবস্থানে। সব উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ করেছে ২৩৩।বাংলাদেশের একেকটি ম্যাচ, একেকটি আক্ষেপের অপর নাম। চট্টগ্রাম টেস্টে ৪১৫ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের লক্ষ্যহীন পথচলায় গোটা দল যখন বিমর্ষ, ঠিক তখনই মুশফিকুর রহিম এসে করলেন এক চমত্কার শতক। আক্ষেপ হলো, আর একজন ব্যাটসম্যান যদি বড় একটি ইনিংস খেলতেন, তাহলে খুব সহজেই ম্যাচটিকে বাঁচানো যেত। আজও বাংলাদেশের ইনিংস শেষে মনে হচ্ছে, মাহমুদউল্লাহর কাছাকাছিও যদি অন্য ব্যাটসম্যানরা খেলতেন, তাহলে খুব সহজেই প্রথম দিনটি পার করে দিতে পারত বাংলাদেশ। কত রান হতো, সেই হিসাব না-হয় নাই করা হলো।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্কোরবোর্ডে কোনো রান যুক্ত না করেই প্রথম উইকেট হারায়। ইশান্ত শর্মার বলে উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। দলীয় ৪ রানের মাথায় তামিম ইকবাল জহির খানের বলে বোল্ড হন। দলীয় ১৩ রানে শাহরিয়ার নাফীসের পরিবর্তে দলে আবার জায়গা পাওয়া জুনায়েদ সিদ্দিক আউট হলে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। আশরাফুল ভালো খেলতে খেলতে ব্যক্তিগত ৩৯ রানে স্পিনার প্রজ্ঞান ওঝার বলে স্ট্যাম্পড হন। এই আউটটির জন্য কেবল নিজেকেই দোষারোপ করতে পারেন আশরাফুল। কারণ, দলের ওই বিপর্যয়কর সময়ে ভালো খেলতে থাকা আশরাফুলের সে রকম শট খেলার কোনো প্রয়োজনই হয়তো ছিল না। এরপর অধিনায়ক সাকিব ও মুশফিকুরের মধ্যে একটি সুন্দর জুটি গড়ে উঠতে থাকে। এ জুটি বিপর্যয়কর অবস্থা থেকে বাংলাদেশ দলকে তোলার চেষ্টা করার সময়েই ব্যক্তিগত ৩০ রানে ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হয়ে যান মুশফিকুর রহিম। এরপর সাকিব ৩৪ রানে আউট হলে বাংলাদেশের সম্মানজনক স্কোরের সম্ভাবনা দূরে ধোঁয়াশাতেই মিলিয়ে যায়। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর অপরাজিত ৯৬ রান বাংলাদেশের ইনিংসকে এনে দিয়েছে একটি সম্মানজনক অবস্থা।এখানে আলাদাভাবে বলতেই হবে, বাংলাদেশের শেষ তিন ব্যাটসম্যানের কথা। শাহদাত হোসেন, শফিউল ইসলাম ও রুবেল হোসেন যেভাবে মাহমুদউল্লাহকে সঙ্গ দিয়েছেন, তাঁদের মধ্যে উইকেটে টিকে থাকার যে তীব্র ইচ্ছা প্রতিফলিত হয়েছে, তাতে লজ্জা পেতেই পারেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা।এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান সংগ্রহ করেছে। বীরেন্দর শেবাগ ৪১ ও গৌতম গম্ভীর ২৬ রানে অপরাজিত রয়েছেন। সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ২৩৩ (অলআউট) ১ম ইনিংসমাহমুদউল্লাহ ৯৬*, আশরাফুল ৩৯, সাকি ৩৪,ইশান্ত শর্মা ৪/৬৬, জহির ৬২/৩,ভারত ৬৯/০শেবাগ ৪১*, গৌতম গম্ভীর ২৬*,