১ জানুয়ারি সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন সাংবাদিকেরা। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে প্রতীকী গণ-অনশনের পর এ নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সাংবাদিকেরা প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করেন। এরপর নতুন কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। নতুন কর্মসূচির মধ্যে আরও আছে: ২০ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মহাসমাবেশ। এই মহাসমাবেশে সারা দেশ থেকে সাংবাদিকেরা অংশ নেবেন। মহাসমাবেশ চলাকালে ওইদিন বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গণমাধ্যমে প্রতীকী কর্মবিরতি পালন করা হবে। এ ছাড়া মহাসমাবেশ থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের চাকরিচ্যুতি বন্ধ, অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ট্রেড ইউনিয়ন চালুর জন্য সরকারের প্রতি দাবি জানানো হবে বলেও জানিয়েছেন সাংবাদিক নেতারা।গণ-অনশন কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, আজ প্রায় এক বছর হতে চলল। কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি। প্রকৃত দোষীদের আটক করা হয়নি। র্যাব, পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী এই বিচার নিয়ে তামাশা করছেন। তাঁরা আরও বলেন, শুধু সাগর-রুনির হত্যার বিচার নয়, পুরো সাংবাদিক সমাজকে নিয়ন্ত্রণমুক্ত করতেই এই আন্দোলন। এ সময় অতীতের সব সাংবাদিক হত্যার বিচারও দাবি করেন তাঁরা।