১ জুন থেকে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অনশন
উপজেলা আইন অনুযায়ী ১০ মন্ত্রণালয়ের ১৩টি দপ্তর হস্তান্তরের দাবি জানিয়েছে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ। এই দাবিসহ আগামী ৩১ মের মধ্যে ১০ দফা দাবি না মানলে ১ জুন থেকে পরিষদ ঢাকায় আমরণ কর্মসূচি পালন করবে। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করার জন্য সংগঠনের বিভিন্ন সময়ের আন্দোলন কর্মসূচির কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, ১ জুন থেকে আহূত আমরণ অনশন ধর্মঘটে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকেই আলোচনা আসা উচিত।পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যমান আইনের ২৫ ধারা ও উপদেষ্টাসংক্রান্ত ধারা সম্পূর্ণ বাতিল করা। এ ছাড়া পরিষদের প্রধান নির্বাহী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগে আইনি প্রতিবন্ধকতা না রাখা, চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ক্ষমতা সরাসরি ভাইস চেয়ারম্যানদের কাছে হস্তান্তরের সুযোগ রাখা, উপজেলা নির্বাহী অফিসারদের সচিব ছাড়া অন্য কাউকে কোনো কমিটির সভাপতি না করা, সংবিধান ও উপজেলা পরিষদ আইন ২০০৯ লঙ্ঘন করে বিভিন্ন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিল করা। সংগঠনের সভাপতি আবদুল মজিদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, আমলাদের চক্রান্ত ও কারসাজির কারণে উপজেলা পরিষদকে কার্যকর করা যাচ্ছে না। মন্ত্রণালয় থেকে উপজেলাপর্যায়ে পাঠানো কাগজপত্রের সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো কাগজপত্রে বড় ধরনের ব্যবধান দেখা যায়। ফলে স্থানীয় সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে পারেন না। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য আফজাল হোসেন খান, আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক মোজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা ও মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।