১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালনের দাবি
প্রতিবছর ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালনের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের সংগঠন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।আজ বুধবার এসব সংগঠন মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রা নিয়ে দুপুর ১২টার দিকে শিখা চিরন্তনে পৌঁছান। সেখানে তাঁরা শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।অনুষ্ঠানের আয়োজক ছিলেন মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি। সেখানে ডেপুটি স্পিকার শওকত আলী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাংসদ খান টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলেন, তাঁদের জন্য একটি রাষ্ট্রীয় দিবস নেই, এটি সত্যিই লজ্জাকর। ২০০৪ সালে মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে একটি দিবস পালনের দাবি জানালেও জোট সরকার এতে কর্ণপাত করেনি। বক্তারা আশা করেন, বর্তমান সরকার ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করবে এবং আগামী বছর থেকে তা পালন করা হবে।