১ নম্বরের জন্য রৌপ্য পেল না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেলবারের মতো এবারও ১ নম্বরের জন্য রৌপ্যপদক পেল না বাংলাদেশ। বাংলাদেশ দলের ধনঞ্জয় বিশ্বাস ২১ নম্বর পেয়ে ব্রোঞ্জপদক জিতেছে। ২২ নম্বর হলে সে দেশের জন্য প্রথম রুপার পদকটি জিততে পারত। দলের অন্য সদস্য কাজী হাসান জুবায়ের একটি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ দলের মোট অর্জন ৫০ এবং ১০১টি দেশের মধ্যে দলীয় অবস্থান ৭২।দলের ফলাফলে মোটামুটি খুশি দলনেতা মাহবুব মজুমদার। তিনি বলেন, ‘রুপার পদক না হলেও ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর গতবারের চেয়ে বেশি হয়েছে। প্রথমবার এসেই পদক পাওয়ার মতো যোগ্য হয়ে উঠছে আমাদের শিক্ষার্থীরা।’ জ্যামিতির সমস্যা ৬ নম্বর না হলে শিক্ষার্থীরা আরও ভালো করবে বলে তিনি জানান।যথারীতি ১৮৯ পয়েন্ট নিয়ে চীন প্রথম হয়েছে এবং ১৮৪ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ও ১৭৯ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুরের শিক্ষার্থীরা তৃতীয় স্থান অর্জন করে। এবারের আইএমওতে জার্মানির শিক্ষার্থী লিসা সাইউরমান (Lisa Sauermann) ৪২-এর মধ্যে ৪২ পেয়ে সেরাদের সেরা হয়েছে।গতকাল শুক্রবার সবাই দল বেঁধে আমস্টারডাম শহর ঘুরে বেড়ায়। আজ বাংলাদেশ সময় রাত আটটায় পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমওর) আনুষ্ঠানিকতা শেষ হবে। কাল রোববার বাংলাদেশ দল দেশের উদ্দেশে রওনা দেবে।বাংলাদেশ সপ্তমবারের মতো আইএমওতে অংশ নিচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় ৫২তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।