১ ফেব্রুয়ারি থেকে ওএমএসের চালের দাম বাড়বে
খোলা বাজারে নায্যমূল্যে ওএমএসের চালের দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কেজিপ্রতি এক টাকা বাড়িয়ে ২৫ টাকা করা হচ্ছে। এ ছাড়া একই সময় থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের রেশন সুবিধার আওতায় আনা হচ্ছে।আজ রোববার সকালে খাদ্য মন্ত্রণালয়ে খাদ্যমূল্য পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে জানানো হয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা প্রতি মাসে পরিবারপ্রতি ২০ টাকা কেজি দরে গম এবং ২৪ টাকায় চাল পাবেন। প্রতি পরিবার সর্বোচ্চ ২০ কেজি চাল বা গম, অথবা সমপরিমাণের চাল ও গম ভাগ করে নিতে পারবে। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশে খাদ্যের কোনো সংকট হবে না। মজুদ বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজারে কারসাজি আছে অভিযোগ করে তিনি বলেন, এগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মন্ত্রী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।