১ মার্চের মধ্যে আগামী বছরের বইয়ের চাহিদা দিতে হবে
২০১১ সালে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক পেতে আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১ মার্চের মধ্যে নিজ নিজ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে শ্রেণীভিত্তিক চাহিদা দিতে হবে। এ ছাড়া ৭ মার্চের মধ্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ১৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বইয়ের চাহিদা পাঠাতে হবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের অভিজ্ঞতা মূল্যায়ন এবং ২০১১ সালের পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রমের প্রস্তুতিবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় শিক্ষামন্ত্রী ২০১০ সালে সফলভাবে পাঠ্যপুস্তক মুদ্রণ-বিতরণ কার্যক্রমের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা ইচ্ছাকৃতভাবে এসব কাজে অসহযোগিতা, বাধা সৃষ্টি বা গাফিলতি করেছে শিগগির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সময়মতো বই প্রকাশ না করতে পারা ব্যর্থ প্রেসগুলো চিহ্নিত করা হবে। এবারের ভুল-ত্রুটি থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ২০১১ সালের কার্যক্রমকে সুষ্ঠু ও সুচারুভাবে বই বিতরণ সম্পন্ন করতে সহায়তা করবে বলে মন্ত্রী জানান। মন্ত্রী ইতিমধ্যেই প্রাথমিক স্তরের আগামী বছরের বইয়ের কার্যক্রম শুরু করায় সন্তোষ প্রকাশ করেন।