১ মে থেকে শ্রমিক আইনগত সহায়তা সেল: আইনমন্ত্রী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, শ্রমিকদের জন্য আইনি সহায়তা দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাঁদের আইনি সহায়তা দিতে ‘শ্রমিক আইনগত সহায়তা সেল’ খোলা হয়েছে। ১ মে থেকে যেসব শ্রমিক বিনা কারণে চাকরিচ্যুত হবেন বা মালিকের কাছে টাকা পাওনা থাকবে, তাঁদের সহায়তা দেওয়া হবে। জাতীয় আইনগত সহায়তা দিবস সামনে রেখে আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে আইন মন্ত্রণালয় ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এটি আয়োজন করে।সাভারের দুর্ঘটনার ব্যাপারে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এখন যে আইন আছে, এতে অবহেলাজনিত কারণে যাবজ্জীবন দণ্ডাদেশের কথা বলা আছে। অন্য রকম শাস্তি চাইলে দণ্ডবিধির ৩০২ ধারা আনতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা যেন না ঘটে, এ ব্যাপারে সবাইকে তত্পর থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘যদি প্রয়োজন হয়, তাহলে বিচার-বিশ্লেষণ করে আইন সংশোধন করা হবে।’ এ দুর্ঘটনার ব্যাপারে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘বিষয়টি তদন্ত পর্যায়ে আছে। তদন্তকাজ চলাকালে মন্তব্য করা ঠিক নয়।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল রোববার সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে লিগ্যাল এইড মেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।