১ রাইফেলের ২৯ জনকে প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জন অভিযুক্তকে আদালতের আদেশ অনুযায়ী অভিযোগনামা, আদালতের আদেশসহ প্রয়োজনীয় সব নথিপত্র হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর ও ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া। আজ বৃহস্পতিবার যুক্তি খণ্ডন শেষে আগামী ২৮ নভেম্বর পুনরায় আদালত বসার দিন ধার্য করা হয়েছে। ওই দিন আদালতে সব আসামিকে হাজির হতে বলা হয়েছে। সরাইল ১ রাইফেল কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত ১৪-তে সকাল নয়টা থেকে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত আদালতের বিচারকাজ চলে। প্রসিকিউটর জানান, অভিযুক্ত সবার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষী, তথ্য ও দালিলিক প্রমাণ রয়েছে; যা ২৮ নভেম্বর উপস্থাপন করা হবে।বিডিআরের কুমিল্লার সেক্টর কমান্ডার (অধিনায়ক) কর্নেল এস এম ফরহাদ আদালতে সভাপতিত্ব করেন। আদালত শেষে আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া সংবাদ ব্রিফিং করেন। তিনি জানান, আসামিরা ইচ্ছা করলে এ সময়ের মধ্যে বেসামরিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন। আদালত চলাকালে আইনজীবীরা কোনো প্রকার পরামর্শ দিতে না পারলেও হাজির থাকতে পারবেন। তাঁরা আদালত চলার সময় ছাড়া আসামিদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারবেন। আদালতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আখতারুজ্জামান, মেজর মোহাম্মদ মাকসুদুল আলম, সরকার পক্ষের বিশেষ আইনজীবী গাজী জিল্লুর রহমান ও দেওয়ান মহিউদ্দিন।আসামিদের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে সরাইলের বিডিআর ক্যাম্পে কিছু উচ্ছৃঙ্খল জওয়ান তৎকালীন অধিনায়ককে ভয়-ভীতি প্রদর্শন করে ক্যাম্প ত্যাগে বাধ্য করেন। সেই সঙ্গে অস্ত্রাগার লুট করে রণসাজে সজ্জিত হয়ে রাস্তায় বের হয়ে এসে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ফাঁকা গুলি ছুড়ে তাঁরা অরাজকতা সৃষ্টি করেন, যা বিডিআর আইনের পরিপন্থী।এ ঘটনায় ২০০৯ সালের ১৩ মে সরাইল থানার তৎকাকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকলাছ হোসেন বাদী হয়ে মামলা করেন।