১ রাইফেলের ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, ১২ জনকে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জনের বিরুদ্ধে আজ বুধবার অভিযোগ গঠন করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার না হওয়া ১২ জন আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।সরাইল ১ রাইফেল কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-১৪-এ বেলা ১১টায় বিচারকাজ শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। বিডিআরের কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার (অধিনায়ক) কর্নেল এস এম ফরহাদ আদালতে সভাপতিত্ব করেন। আদালতে অভিযোগ উত্থাপন করেন সুবেদার মেজর মোহাম্মদ নুরুল করিম।আদালত শেষে সরাইল ১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া সংবাদ ব্রিফিং করেন। তিনি জানান, ২৯ জন আসামির মধ্যে ১৭ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আটক আছেন। আজ বাকি ১২ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আখতুরুজ্জামান, মেজর মোহাম্মদ মাকসুদুল আলম, সরকার পক্ষের বিশেষ আইনজীবী গাজী জিল্লুর রহমান ও দেওয়ান মহিউদ্দিন।আসামিদের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে সরাইলের বিডিআর ক্যাম্পে কিছু উচ্ছৃঙ্খল জওয়ান তত্কালীন অধিনায়ককে ভয়ভীতি প্রদর্শন করে ক্যাম্প ত্যাগে বাধ্য করেন। সেই সঙ্গে অস্ত্রাগার লুট করে রণসাজে সজ্জিত হয়ে রাস্তায় বের হয়ে এসে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ফাঁকা গুলি ছুড়ে তাঁরা অরাজকতা সৃষ্টি করেন, যা বিডিআর আইনের পরিপন্থি।এ ঘটনায় ২০০৯ সালের ১৩ মে সরাইল থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকলাছ হোসেন বাদী হয়ে মামলা করেন।