সাংবাদিক দম্পতি হত্যা
১০ অক্টোবরের মধ্যে খুনিদের গ্রেপ্তার সম্ভব হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত যেভাবে চলছে, তাতে আগামী ১০ অক্টোবরের মধ্যে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হতে পারে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তাঁদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা এ সময় উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এই হত্যাকাণ্ডের বিষয়টি দেখছে। র্যা বও সুষ্ঠুভাবে তদন্ত করছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা ঠিক হবে না।বৈঠকে সাংবাদিক নেতারা সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারসহ স্বাধীনতার পর থেকে হওয়া সব সাংবাদিক হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার দাবি করেন। তাঁরা সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন সময়ে অশোভন বক্তব্য দেওয়া এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার জন্য এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিচার দাবি করেন।স্বরাষ্ট্রমন্ত্রী মাহফুজুর রহমানকে ‘মিডিয়া মোঘল’ আখ্যা দেন। এ সময় সাংবাদিকেরা মন্ত্রীকে বলেন, ইতিমধ্যে মাহফুজুর রহমানকে ‘মিডিয়ার শত্রু’ বলে চিহ্নিত করা হয়েছে।বৈঠকে বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আপনার কাছে আমাদের প্রত্যাশা, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করে অগ্রগতি মন্ত্রণালয়কে জানাতে র্যা বকে নির্দেশ দেবেন।’ তিনি বলেন, ‘আমাদের খুবই দুঃখ লাগে যখন দেখি, র্যা ব বিনা কারণে লিমন ও তার পরিবারকে হেনস্তা করে। আবার ওই র্যা বই জামাই আদরে মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে।’ তিনি প্রশ্ন তোলেন, ‘যিনি প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করছেন, তাঁকে কেন আপনারা ছেড়ে দিচ্ছেন? আমাদের সহকর্মীরা মারা যাবে, নির্যাতিত হবে আর আমরা বসে থাকব, তা হবে না। আপনারা সাজা না দিলেও আমরা আমাদের মতো করে তাঁকে সাজা দেব। যারাই এ ব্যাপারে সহানুভূতি দেখাবে, আপনিও যদি দেখান, আমরা মনে করব যে আপনি তার পক্ষ নিয়েছেন, তার পক্ষ নিয়ে প্রশাসন কাজ করছে।’বিএফইউজের আরেকাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আমাদের ডেকে নিয়ে এক মাসের সময় চেয়েছিলেন, কিন্তু কোনো অগ্রগতিই করতে পারেননি।’ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহিদ বলেন, ‘সাগর-রুনি ও চার চোরের ডিএনএ টেস্ট নিয়ে যেসব কথা হচ্ছে, এটিএন বাংলার চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন, সবকিছুরই আমরা বিচার চাই।’ডিইউজের আরেকাংশের সভাপতি ওমর ফারুক বলেন, ‘স্বাধীনতার পর থেকে যত সাংবাদিক নিহত হয়েছেন, কোনোটিরই বিচার হয়নি। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করছি।’ কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, সরকারেরই তদন্তে দেখা গেছে, পুলিশের কর্মকর্তারা সাংবাদিককে হত্যার আগে মুঠোফোনে হত্যাকারীর সঙ্গে কথা বলেছেন, টাকা নিয়েছেন। তাই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। উল্টো বিচার চাইতে গিয়ে আমরা আসামি হয়েছি।’বিএফইউজের আরেকাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, ‘কোনো সাজানো ব্যক্তিকে যেন হত্যাকাণ্ডের জন্য দায়ী করে জনসম্মুখে দেওয়া না হয়। আমরা আশা করব, খুব স্বচ্ছভাবে এই বিচার সম্পন্ন হবে।’ তিনি দাবি করেন, এ পর্যন্ত ২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। গত সাড়ে তিন বছরে নিহত হয়েছেন ১৭ জন সাংবাদিক।সাংবাদিকদের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সাংবাদিকদের শত্রু, সে কখনো সরকারের বন্ধু নয়। মন্ত্রী বলেন, ‘আপনারা যে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্ন আমাদেরও। প্রশ্নগুলোর সুষ্ঠু জবাব না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।’গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই দিনই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। কিন্তু গত সাত মাসেও এই হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।