১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যারহস্য উদঘাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য আগামী ১০ অক্টোবরের মধ্যে উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।আজ মঙ্গলবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাকে সাক্ষাত্ দেওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সরকার সর্বোচ্চ মনোযোগ দিয়ে এই হত্যাকাণ্ডের তদন্তের কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত এ মামলায় আমরা যেসব তথ্য পেয়েছি, এর ভিত্তিতে বলতে পারি, আগামী মাসের ১০ তারিখের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’ গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।এরপর তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।গতকাল মার্কিন দূতাবাসের সামনে হিজবুত তাহরীরের কয়েকজন সদস্যের বিক্ষোভের ঘটনায় মজীনা উদ্বেগ প্রকাশ করে দূতাবাসের নিরাপত্তা চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে বলে মার্কিন রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন ।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহানবী (স.)-এর অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সরকার। তাই এখন এই ইস্যু নিয়ে আন্দোলন করা সমীচীন নয়।