১০ আইনজীবীর জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাস কক্ষে বিশৃঙ্খলা, হট্টগোল ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুটি মামলায় আত্মসমর্পণকারী বিএনপি সমর্থক ১০ আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ রোববার বেলা একটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. শাহাদৎ হোসেন এ আদেশ দেন। এই আদেশের পরপরই বিএনপি সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। এর আগে আজ সকাল ১০টার দিকে অভিযুক্ত ১০ আইনজীবী মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ সময় আদালত বেলা একটায় তাঁদের জামিন আবেদনের ওপর শুনানির সময় ধার্য করেছিলেন।আত্মসমর্পণকারী ১০ আইনজীবী হলেন, মোহাম্মদ আলী, মির্জা আল মাহমুদ, মো. আশরাফুজ্জামান খান, কামরুল ইসলাম সজল, আবদুল্লাহ আল মাহমুদ, এনামুল হোসেন গাফফার, মাহমুদ আরেফিন স্বপন, শরীফ উদ্দীন আহম্মেদ, গোলাম নবী ও সহিদুজ্জামান।সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে শুনানিতে হট্টগোলের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২ আগস্ট শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে ১৪ আইনজীবীসহ অজ্ঞতানামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। একই ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলা করা হয়।