দিনের শুরুটা ভালো হলেই যে সারা দিন ভালো যাবে, এই তত্ত্ব বাংলাদেশ ক্রিকেট দলের বেলায় খাটে না। না হলে চতুর্থ দিনের শুরুটা এত চমত্কার হওয়ার পরও কেন বাংলাদেশের ইনিংস একটা সেশনের বেশি স্থায়ী হলো না! তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী আর শাহদাত হোসেনের ব্যাটিং নৈপুণ্যে কেন দলের আরেকজন ব্যাটসম্যানও উজ্জীবিত হতে পারলেন না, সেই আক্ষেপটা থেকেই যাচ্ছে। তার পরও ঢাকায় অনুষ্ঠিত শেষ টেস্টে বাংলাদেশের একমাত্র সাফল্য হতে পারে ভারতের রানের পাহাড়ে চাপা পড়েও শেষ পর্যন্ত ইনিংস পরাজয় এড়ানো!গতকালের ৩ উইকেটে ২২৮ রান করে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ আজ মাঠে নেমেছিল ‘ভালো কিছু’ করার স্বপ্নকে পুঁজি করে। সেই ‘ভালো কিছু’র প্রাথমিক পদক্ষেপ হতে পারত আজ অন্তত দুটি সেশন ব্যাট করে যাওয়া। সেই লক্ষ্যে আশরাফুল ও নাইটওয়াচম্যান শাহদাত চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছিলেন। তাঁরা দুজন মিলে ভালো বলকে সম্মান করে, খারাপ বলকে শাস্তি দিয়ে ভালো মতোই এগিয়ে যাচ্ছিলেন। দলের রান তরতর করে ২২৮ থেকে ২৯০-তে গিয়ে পৌঁছে। যে শাহদাতের আজ দিনের শুরুতেই আউট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তিনিই নিজের রানকে নিয়ে যান ৪০-এ। এমন সময় হরভজন সিংয়ের একটি বলকে লংঅনের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে অমিত মিশ্রের হাতে ধরা পড়েন তিনি। এর আগে ঠিক এমনই একটা জায়গায় শাহদাতের একটি তুলে মারা বল অমিত মিশ্র হাত থেকে ফেলে দিয়েছিলেন। মিশ্রকে সেই গ্লানি থেকে মুক্তি দেওয়ার জন্যই যেন শাহদাত সেখানে আরও একবার ক্যাচ দিলেন। শাহদাত আউট হয়ে যাওয়ার পর দলের স্কোরে ১ রান যোগ করে আশরাফুলও বিদায় নেন। প্রজ্ঞান ওঝার একটি ভালো টার্নের বলে দোনোমনো হয়ে স্লিপে ক্যাচ দেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত-সমালোচিত ব্যাটসম্যান। এর পরপরই আউটের মিছিলে শামিল হন বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা। ২৯০ রানে চতুর্থ উইকেট পড়ার পর বাংলাদেশ বাকি ৬ উইকেট হারায় মাত্র ২২ রানে। জহির খান ২০.৩ ওভার বল করে ৮৭ রান দিয়ে নেন ৭ উইকেট। এই বোলিং পারফরম্যান্স তাঁকে এনে দেয় ম্যান অব দ্য ম্যাচের সম্মান। তাঁর পাশাপাশি প্রজ্ঞান ওঝা ২টি ও হরভজন সিং ১টি উইকেট দখল করেন। সব মিলিয়ে একটি সুন্দর স্বপ্নের করুণ সমাপ্তি ঘটল আজ মিরপুরে। স্বপ্ন কথাটা বাড়াবাড়ি শোনালেও টেস্ট খেলা একটি দল সারা দিন ব্যাট করবে, এমন স্বপ্ন দেখাটা নিশ্চয়ই বাড়াবাড়ি ছিল না বাংলাদেশের মানুষের। দেশের মানুষের এই ছোট্ট স্বপ্নটাও পূরণ করতে পারলেন না আমাদের ক্রিকেট তারকারা। সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ (প্রথম ইনিংস) ২৩৩মাহমুদউল্লাহ ৯৬* ইশান্ত শর্মা ৪/৬৬ভারত (প্রথম ইনিংস) ৫৪৪/৮(ডিক্লে.)শচীন টেন্ডুলকার ১৪৩, রাহুল দ্রাবিড় ১১১, ধোনি ৮৯শফিউল ৩/৮৬বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) ৩১২তামিম ইকবাল ১৫১, জুনায়েদ ৫৫, শাহদাত ৪০জহির খান ৭/৮৭ভারত ২/০ (দ্বিতীয় ইনিংস) টার্গেট ২(ভারত ১০ উইকেটে জয়ী)