১০ ও ১১ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১২। শুক্র ও শনিবার অনুষ্ঠেয় এ উৎসবের প্রধান আকর্ষণ দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। অলিম্পিয়াডের জন্য ইতিমধ্যে ১৭টি স্থানে আঞ্চলিক গণিত উৎসবের মাধ্যমে ১০৯৫ জন বিজয়ী নির্বাচিত করা হয়েছে। আরও থাকছে জাজিরার ১৬ বিজয়ী। তাদের সবার কাছে চিঠি পাঠানো হয়েছে। কেউ চিঠি না পেলেও আঞ্চলিক বিজয়ীদের হলুদ রঙের টি-শার্ট পরে এবং বিজয়ীর সার্টিফিকেট নিয়ে উৎসব প্রাঙ্গণে হাজির হওয়ার জন্য বলেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ১০ ফেব্রুয়ারি সকাল আটটায় উৎসব শুরু হবে। শুরুতে আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিজ নিজ অঞ্চলের বুথ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর সকাল নয়টায় উদ্বোধন অনুষ্ঠানের পর সকাল ১০টা থেকে শুরু হবে সব ক্যাটাগরির শিক্ষার্থীর অংশগ্রহণে দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা দুই ঘণ্টা, জুনিয়র ক্যাটাগরির তিন ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা হবে চার ঘণ্টা। ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকাল সাড়ে আটটা থেকে বেলা একটার মধ্যে উৎসবের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রয়োজনে: রকিবুল ইসলাম (০১৮১৫২৫৯৪৭৩), জাহিদ হোসাইন (০১৭১৬১৬৮৫৭১), মানস কুমার নাথ (০১৯২৪০৩৬৮০৯)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।